নবীগঞ্জে আলোচিত বোন হত্যা মামলার প্রধান আসামি ভাই গ্রেফতার

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর, ২০২৬ ২০:৪৬ (বুধবার)
নবীগঞ্জে আলোচিত বোন হত্যা মামলার প্রধান আসামি ভাই গ্রেফতার

 

 

 

নবীগঞ্জ (হবিগঞ্জ)সংবাদদাতা :  নবীগঞ্জে পাওনা টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে ছোট বোন শাবানা বেগম (২৩) হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামি ও ঘাতক ভাই শাহীন মিয়া (২৬)কে সিলেট থেকে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ।

 

আজ সোমবার (১৪.৯.২০২৬) নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল সিলেটে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

 

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার দীঘলবাক ইউনিয়নের মাধবপুর গ্রামের আফজল মিয়ার মেয়ে শাবানা বেগমের দেনমোহর বাবদ পাওয়া ৪০ হাজার টাকার মধ্যে ২০ হাজার টাকা তার ভাই শাহীন মিয়ার কাছে জমা ছিল। সম্প্রতি ওই টাকা ফেরত চান শাবানা।

 

এ ঘটনায় ঢাকায় রাজমিস্ত্রির কাজ করা শাহীন বাড়িতে আসেন। পরে পাওনা টাকা নিয়ে ভাই-বোনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে শাহীন মিয়া ছুরি দিয়ে শাবানাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় শাবানাকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হলেও পথেই তার মৃত্যু হয়। গত ২৯ আগস্ট এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

 

ঘটনার পর থেকেই শাহীন পলাতক ছিলেন। তাকে গ্রেফতারে নবীগঞ্জ থানা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসছিল। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে সিলেটে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।  

সম্পাদক ও প্রকাশক: মোতাহার হোসেন

মোবাইল: ০১৩৩২-৮৪৫৬৯৯

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.