পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৫২ (মঙ্গলবার)
পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ

 

বিভিন্ন অনিয়ম, গঠনতান্ত্রিক ত্রুটি এবং নিয়মবিধি না মানার অভিযোগে পশ্চিমবঙ্গের ২৫২টি মাদ্রাসা অবিলম্বে বন্ধ করার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। একই সঙ্গে নিয়মনীতি লঙ্ঘনের দায়ে আরও ১০০টি মাদ্রাসাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। রাজ্যের বিভিন্ন মাদ্রাসার কার্যক্রম নিয়ে নানা অভিযোগ ওঠার পর আদিবাসী ও সংখ্যালঘু উন্নয়ন দপ্তর এই কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে।

কলকাতাসহ রাজ্যের ২২টি জেলার বিভিন্ন মাদ্রাসা থেকে নিবিড়ভাবে তথ্য সংগ্রহ করা হয়। জেলা প্রশাসনের পাশাপাশি রাজ্যস্তর থেকে পাঠানো বিশেষ পরিদর্শক দল বিভিন্ন মাদ্রাসায় সরাসরি গিয়ে শিক্ষক-ছাত্রের প্রকৃত সংখ্যা, দৈনন্দিন উপস্থিতি, প্রাতিষ্ঠানিক পরিকাঠামো এবং অর্থের উৎসসহ বিভিন্ন বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করে। এই তদন্ত রিপোর্টের ওপর ভিত্তি করেই ত্রুটিপূর্ণ ও অনিয়মে জড়িত ২৫২টি মাদ্রাসার কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়। তবে যেসব মাদ্রাসা সরকারের সকল নিয়ম ও অনুমোদন মেনে সঠিকভাবে পরিচালিত হচ্ছে, সেগুলোর কার্যক্রম স্বাভাবিক থাকবে বলে জানানো হয়েছে।

পশ্চিমবঙ্গে বর্তমানে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ৬১৪টি সরকার অনুমোদিত মাদ্রাসা রয়েছে, যার মধ্যে ৪২৩টি হাই মাদ্রাসা, ৮৯টি জুনিয়র হাই মাদ্রাসা এবং ১০২টি সিনিয়র মাদ্রাসা অন্তর্ভুক্ত। এই অনুমোদিত প্রতিষ্ঠানগুলোতে ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক সাধারণ শিক্ষারও ব্যবস্থা রয়েছে।

সম্পাদক ও প্রকাশক: মোতাহার হোসেন

মোবাইল: ০১৩৩২-৮৪৫৬৯৯

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.