২৪০ যাত্রী নিয়ে ইন্দোনেশিয়ার জাহাজ নিখোঁজ
ইন্দোনেশিয়ার ২৪০ জন যাত্রীসহ একটি যাত্রীবাহী জাহাজের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। পূর্ব জাভা থেকে বোর্নিও দ্বীপের দক্ষিণ কালিমন্তনে যাওয়ার পথে এ ঘটনা ঘটে।
আজ রোববার (১৩.৯.২০২৬) জাভা সাগরে নিখোঁজ ওই জাহাজটির সন্ধানে নেমেছে দেশটির জরুরি উদ্ধারকর্মীরা।
বিভিন্ন সংবাদ সংস্থা বলছে, দক্ষিণ কালিমান্তান প্রদেশের রাজধানী বানজারমাসিনের অনুসন্ধান ও উদ্ধার কার্যালয় জানিয়েছে, ‘ভার্গো ট্রান্সপোর্ট ৮’ নামের জাহাজটির যোগাযোগব্যবস্থায় ত্রুটি দেখা দেওয়ার খবর পান তারা। ইন্দোনেশিয়ার পূর্ব জাভা প্রদেশের দ্বিতীয় বৃহত্তম শহর সুরাবায়া থেকে বানজারমাসিনের দিকে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, জাভা সাগরে বানজারমাসিনের একটি জেটি থেকে প্রায় ৯২ মাইল দূরে জাহাজটির সর্বশেষ অবস্থান শনাক্ত করা হয়েছিল।
জাহাজ পরিচালনাকারী সংস্থার বরাত দিয়ে দেশটির স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, পথিমধ্যে জাহাজটি তীব্র দুর্যোগপূর্ণ আবহাওয়ার মুখে পড়েছিল। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের সুনির্দিষ্ট তথ্য নিশ্চিত করা সম্ভব হয়নি।
আইটি ল্যাব সলিউশন্স লি.