তিন বছরে ইসরায়েলি হামলায় লেবাননে ৯ হাজার মানুষের জীবন ঝরেছে
লেবাননে ইসরায়েলের তিন বছরের হামলায় ৮ হাজার ৯২০ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৩০ হাজার ৫৯৫ জন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত এসব হতাহতের ঘটনা ঘটেছে।
গতকাল প্রকাশিত এক বিবৃতিতে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ২ মার্চ থেকে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন ৪ হাজার ৩৫৮ জন এবং আহত হয়েছেন ১২ হাজার ৩৫৯ জন।
এ ছাড়া গত ২ মার্চ থেকে অ্যাম্বুলেন্স ও জরুরি চিকিৎসাসেবায় নিয়োজিত কর্মীদের ওপর ইসরায়েলি বাহিনী ১৭৯টি হামলা চালিয়েছে। এসব হামলায় ১৩৫ জন স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন বলে বুধবার প্রকাশিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে জানানো হয়েছে।
গত ২ মার্চ লেবাননে ইসরায়েলের হামলা নতুন করে তীব্র আকার নেয়। ওই দিন উত্তর ইসরায়েলে হিজবুল্লাহর রকেট হামলার পর বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় ৩১ জন নিহত হন।
জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের তথ্য অনুযায়ী, আগস্ট পর্যন্ত ইসরায়েলি হামলার কারণে লেবাননে প্রায় ৩ লাখ ৬০ হাজার মানুষ বাস্তুচ্যুত ছিলেন। তাদের মধ্যে অন্তত ২২ হাজার মানুষ বিভিন্ন আশ্রয়কেন্দ্রে অবস্থান করছিলেন।
আইটি ল্যাব সলিউশন্স লি.