বাংলাদেশের সাবেক সফল অর্থমন্ত্রী এম সাইফুর রহমান-এর ১৭তম মৃত্যুবার্ষিকী আজ
বাংলাদেশের সাবেক সফল অর্থমন্ত্রী, বর্ষীয়ান রাজনীতিবিদ এম সাইফুর রহমান-এর ১৭তম মৃত্যুবার্ষিকী আজ। ২০০৯ সালের ৫ সেপ্টেম্বর রমজান মাসে ঢাকা থেকে সিলেট আসার পথে ব্রাহ্মণবাড়িয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় তিনি প্রাণ হারান।
স্বাধীনতার পর যুদ্ধবিধ্বস্ত ও দুর্ভিক্ষপীড়িত দেশের ভেঙে পড়া অর্থনীতিকে আধুনিক ধারায় রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন সাইফুর রহমান। অর্থনীতির ভিত্তি শক্তিশালী করা, উন্নয়নমুখী নীতিমালা প্রণয়ন এবং মূল্য সংযোজন কর (ভ্যাট) চালুর মাধ্যমে তিনি দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় স্থায়ী অবদান রেখে গেছেন। জাতীয় সংসদে টানা ১২ বার বাজেট পেশ করে গড়েন অনন্য রেকর্ড।
রাজনৈতিক জীবনে তিনি বাণিজ্যমন্ত্রী, পরিকল্পনামন্ত্রী ও অর্থমন্ত্রীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ১৯৭৯, ১৯৯৪ ও ২০০১ সালে বিভিন্ন সময়ে মন্ত্রিসভায় দায়িত্ব পালন করেন তিনি। ১৯৯১-৯৬ এবং ২০০১-০৬ মেয়াদে অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে দেশের অর্থনীতিতে নতুন গতি সঞ্চার করেন।
সাইফুর রহমান আন্তর্জাতিক পরিসরেও বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেন। বিশ্বব্যাংক, আইএমএফসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় দেশের প্রতিনিধিত্ব করেন এবং নানা বৈশ্বিক সম্মেলনে অংশ নিয়ে বাংলাদেশের উন্নয়ন সম্ভাবনা তুলে ধরেন।
তার রাজনৈতিক জীবনের আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় হলো সিলেট বিভাগের ঘোষণা। ১৯৯৪ সালের ২৪ সেপ্টেম্বর আলিয়া মাদরাসা মাঠের ঐতিহাসিক জনসভায় তার উদ্যোগেই তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া সিলেটকে বিভাগ হিসেবে ঘোষণা করেন।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিলেট ও মৌলভীবাজারে কবর জিয়ারত, দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। মৌলভীবাজারে তার বাড়িতে পরিবার ও বিভিন্ন সংগঠনের উদ্যোগে দিনব্যাপী কর্মসূচি পালিত হচ্ছে। বিএনপির কেন্দ্রীয় নেতারাও এসব কর্মসূচিতে অংশ নিচ্ছেন।
আইটি ল্যাব সলিউশন্স লি.