নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পেতে লাগবে আরও দেড় থেকে দুই বছর: তথ্য উপদেষ্টা

প্রকাশিত: ০১ সেপ্টেম্বর, ২০২৬ ১৫:৩৪ (বুধবার)
নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পেতে লাগবে আরও দেড় থেকে দুই বছর: তথ্য উপদেষ্টা

দেশের গ্রাম ও শহরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে আরও দেড় থেকে দুই বছর সময় লাগতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

তিনি বলেন, নতুন ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) স্থাপন, দেশীয় গ্যাসের অনুসন্ধান ও উত্তোলন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পূর্ণাঙ্গ উৎপাদনে যাওয়া এবং ভোলার গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হলে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতির বড় ধরনের উন্নতি হবে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

জাহেদ উর রহমান বলেন, বর্তমানে জ্বালানি ঘাটতি, বিদ্যুৎকেন্দ্রের যান্ত্রিক ত্রুটি এবং সাম্প্রতিক সময়ে অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়ায় বিদ্যুতের চাহিদা বেড়ে যাওয়ায় সংকট তৈরি হয়েছে। এই পরিস্থিতি মোকাবিলায় সরকার দীর্ঘমেয়াদি ও টেকসই পরিকল্পনা নিয়ে কাজ করছে।

তিনি বলেন, অতীতে রাজধানীসহ বড় শহরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের চেষ্টা করে গ্রামাঞ্চলে তুলনামূলক বেশি লোডশেডিং দেওয়া হতো। বর্তমান সরকার সেই বৈষম্যমূলক ব্যবস্থা থেকে সরে এসেছে। এখন শহর ও গ্রামের মধ্যে বিদ্যুৎ সংকটের চাপ সুষমভাবে বণ্টনের নীতিতে কাজ করা হচ্ছে।

আগামী দেড় থেকে দুই বছরের পরিকল্পনা তুলে ধরে তথ্য উপদেষ্টা বলেন, নতুন এফএসআরইউ স্থাপনে প্রায় দেড় থেকে দুই বছর সময় লাগবে। এটি চালু হলে দেশে এলএনজি আমদানির সক্ষমতা বাড়বে। একই সঙ্গে ভোলার গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করতে প্রায় ৫০০ কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

এ ছাড়া দেশীয় গ্যাসের সরবরাহ বাড়াতে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) উদ্যোগে ১৫০টি কূপ খনন ও পুনঃখননের কাজ চলছে বলেও জানান তিনি।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বিষয়ে জাহেদ উর রহমান বলেন, চলতি সেপ্টেম্বরেই কেন্দ্রটির পরীক্ষামূলক চালুর প্রক্রিয়া শুরু হবে। আগামী বছর থেকে কেন্দ্রটি পূর্ণ সক্ষমতায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করবে বলে আশা করা হচ্ছে।

তিনি বলেন, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে আগামী দেড় থেকে দুই বছরের মধ্যে দেশের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা আরও নির্ভরযোগ্য ও নিরবচ্ছিন্ন হবে।

ব্রিফিংয়ে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ, তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কে এম আবদুল ওয়াদুদ এবং তথ্য অধিদপ্তরের উপ-প্রধান তথ্য কর্মকর্তা ফখরুল ইসলাম উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক: মোতাহার হোসেন

মোবাইল: ০১৩৩২-৮৪৫৬৯৯

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.