২ সেপ্টেম্বর দেশে ফিরছেন মির্জা আব্বাস

প্রকাশিত: ৩১ আগস্ট, ২০২৬ ১১:১৯ (মঙ্গলবার)
২ সেপ্টেম্বর দেশে ফিরছেন মির্জা আব্বাস

দীর্ঘদিন বিদেশে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) মির্জা আব্বাস আগামী বুধবার (২ সেপ্টেম্বর) দেশে ফিরছেন। ওই দিন রাত ৯টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তাঁর ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, দীর্ঘদিন ধরে সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা নিচ্ছেন মির্জা আব্বাস। বর্তমানে তাঁর শারীরিক অবস্থার অনেকটাই উন্নতি হয়েছে। মেডিকেল বোর্ডের পরামর্শেই তিনি দেশে ফিরছেন।

গত ১১ মার্চ রমজান মাসে ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মির্জা আব্বাস। ওই রাতেই তাঁকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়।

পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ১৫ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে করে তাঁকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে অবস্থার কিছুটা উন্নতি হলে চিকিৎসকদের পরামর্শে ১৪ এপ্রিল সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল থেকে তাঁকে মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে স্থানান্তর করা হয়। এরপর থেকে সেখানেই চিকিৎসাধীন ছিলেন তিনি।

এদিকে, গত ১ আগস্ট ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাসকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ থেকে জারি করা এক সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে এ দায়িত্ব দেওয়া হয়।

সম্পাদক ও প্রকাশক: মোতাহার হোসেন

মোবাইল: ০১৩৩২-৮৪৫৬৯৯

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.