বিপিএল এ বছর টুর্নামেন্ট না হলেও আপত্তি নেই ফ্র্যাঞ্চাইজিদের
এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজনের চেয়ে টুর্নামেন্টটির কাঠামোগত সংস্কারে বেশি গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করতে গিয়ে চলতি বছর বিপিএল আয়োজন করা সম্ভব না হলেও এতে আপত্তি নেই গত আসরের কয়েকটি ফ্র্যাঞ্চাইজির।
বিপিএলের ভবিষ্যৎ কাঠামো ও সংস্কার নিয়ে গতকাল বিসিবির সঙ্গে বৈঠক করেছে গত আসরের তিন ফ্র্যাঞ্চাইজি—ঢাকা ক্যাপিটালস, রাজশাহী ওয়ারিয়র্স ও রংপুর রাইডার্স। তবে সিলেট টাইটান্স ও নোয়াখালী এক্সপ্রেসের কোনো প্রতিনিধি বৈঠকে উপস্থিত ছিলেন না। গত আসরের আরেক দল ছিল বিসিবির মালিকানাধীন।
গত আসরের আগে পাঁচ বছরের জন্য ফ্র্যাঞ্চাইজিগুলোকে দল বরাদ্দ দিয়েছিল বিসিবি। সে হিসেবে নিয়ম অনুযায়ী এবারও বিপিএল আয়োজনের কথা ছিল। তবে বিসিবি সভাপতি তামিম ইকবাল পুরোনো পদ্ধতিতে টুর্নামেন্ট পরিচালনার বদলে দীর্ঘমেয়াদি ও টেকসই কাঠামো তৈরির ওপর গুরুত্ব দিচ্ছেন। বৈঠকে অংশ নেওয়া তিন ফ্র্যাঞ্চাইজিই এ উদ্যোগে সমর্থন জানিয়েছে।
রংপুর রাইডার্সের প্রধান নির্বাহী ইশতিয়াক সাদেক বলেন, বিপিএলকে এগিয়ে নিতে বিসিবি ও ফ্র্যাঞ্চাইজিগুলোকে যৌথভাবে কাজ করতে হবে। দীর্ঘ সময় ধরে টুর্নামেন্ট আয়োজন হলেও এখনো এর স্থায়ী ও কার্যকর কাঠামো গড়ে ওঠেনি বলে মন্তব্য করেন তিনি।
ইশতিয়াক সাদেক বলেন, বিপিএলের সংস্কার জরুরি। এক দশক ধরে টুর্নামেন্ট আয়োজন হলেও এখনো কোনো টেকসই মডেল তৈরি হয়নি। বিসিবি ও ফ্র্যাঞ্চাইজিগুলো একসঙ্গে কাজ করে একটি কার্যকর কাঠামো দাঁড় করাতে পারলে দীর্ঘমেয়াদে বিপিএল আরও শক্তিশালী হবে।
বৈঠকে বিপিএলের জন্য দীর্ঘমেয়াদি ক্যালেন্ডার তৈরির দাবিও জানায় রংপুর রাইডার্স। একই দাবি তুলে ধরেন রাজশাহী ওয়ারিয়র্সের প্রধান মোকছেদুল কামাল বাবু।
তিনি বলেন, প্রতিবছর হঠাৎ করে বিপিএলের তারিখ নির্ধারণ করা হয়। ফলে অল্প সময়ের মধ্যে তড়িঘড়ি করে প্রস্তুতি নিতে হয়, যা কাঙ্ক্ষিত ফল দেয় না। এ কারণে পাঁচ বছর বা দীর্ঘ সময়ের জন্য একটি রোডম্যাপ তৈরি করে সেই অনুযায়ী টুর্নামেন্ট পরিচালনার প্রয়োজন রয়েছে।
এদিকে বিসিবিকে সংস্কারের জন্য প্রয়োজনীয় সময় দিতে প্রস্তুত ঢাকা ক্যাপিটালসও। দলটির প্রধান নির্বাহী আতিক ফাহাদ বলেন, এমন একটি কাঠামো প্রয়োজন, যেখানে বিসিবি, ফ্র্যাঞ্চাইজি ও খেলোয়াড়—সব পক্ষই লাভবান হবে।
তবে পুরোনো কাঠামোয় বিপিএল আয়োজন করা হলে ঢাকা ক্যাপিটালস আর অংশ নেবে না বলেও সতর্ক করেছেন তিনি। তাঁর ভাষ্য, গত দুই মৌসুমের মতো কাঠামোয় বিনিয়োগ করে শেষ পর্যন্ত সমালোচনা ও অপমানের মুখোমুখি হতে চান না তারা। তাই সবার জন্য লাভজনক ও টেকসই একটি মডেল তৈরি করা হলে ভবিষ্যতে আবার বিপিএলে থাকার বিষয়ে আগ্রহী থাকবে ঢাকা ক্যাপিটালস।
আইটি ল্যাব সলিউশন্স লি.