আল নাসরের ইতিহাসে রোনালদোর নতুন কীর্তি, সামনে ১ হাজার গোলের হাতছানি
আল নাসরের জার্সিতে নতুন ইতিহাস গড়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। সৌদি প্রো লিগের ক্লাবটির হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন তাঁর দখলে। ব্যক্তিগত এই মাইলফলক ছুঁয়েও কৃতিত্ব একা নিজের বলে দাবি করেননি পর্তুগিজ তারকা। বরং সতীর্থ ও সমর্থকদের অবদানকেই সামনে এনেছেন আল নাসরের অধিনায়ক।
আল তাওউনের বিপক্ষে ২-১ গোলের জয়ে আল নাসরের হয়ে দ্বিতীয় গোলটি করেন রোনালদো। এই গোলের মধ্য দিয়ে সৌদি প্রো লিগে তাঁর গোলসংখ্যা দাঁড়িয়েছে ১০৪-এ। ফলে ১০৩ গোল করা আল নাসরের সাবেক তারকা মোহাম্মদ আল সাহলাওয়িকে ছাড়িয়ে ক্লাবটির সর্বোচ্চ গোলদাতা হয়েছেন তিনি।
মাইলফলক অর্জনের পর সৌদি আরবের থমনিয়াহ নেটওয়ার্ককে দেওয়া সাক্ষাৎকারে রোনালদো বলেন, এই অর্জনে তিনি আনন্দিত। তবে এর পেছনে সতীর্থদের অবদান রয়েছে উল্লেখ করে তিনি বলেন, তাঁদের ছাড়া এমন জায়গায় পৌঁছানো সম্ভব হতো না।
সমর্থকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই ফুটবলার। তাঁর ভাষায়, সমর্থকেরা সব সময় পাশে থাকেন এবং তাঁদের ভালোবাসা ও সমর্থন তাঁকে গর্বিত করে।
সৌদি আরবে পাড়ি জমানোর পর থেকেই ধারাবাহিকভাবে গোল করে যাচ্ছেন রোনালদো। আল তাওউনের বিপক্ষে গোল করার পর ক্লাব ও জাতীয় দল মিলিয়ে তাঁর ক্যারিয়ারে মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ৯৭৮। ফলে ক্যারিয়ারের ১ হাজার গোলের ঐতিহাসিক মাইলফলক থেকে এখন মাত্র ২২ গোল দূরে আছেন তিনি।
এদিকে রোনালদোর নেতৃত্বে চলতি মৌসুমে দুর্দান্ত শুরু করেছে আল নাসর। প্রথম চার ম্যাচেই জয় পেয়েছে রিয়াদের ক্লাবটি। ফলে ১২ পয়েন্ট নিয়ে সৌদি প্রো লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে তারা। ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আল হিলাল, যদিও আল নাসরের চেয়ে এক ম্যাচ কম খেলেছে দলটি।
আইটি ল্যাব সলিউশন্স লি.