‘দৃশ্যম ৩’-এর সাফল্যের পর আসছে ‘দৃশ্যম ৪’?

প্রকাশিত: ২৭ আগস্ট, ২০২৬ ২২:৩৭ (শুক্রবার)
‘দৃশ্যম ৩’-এর সাফল্যের পর আসছে ‘দৃশ্যম ৪’?

দক্ষিণি তারকা মোহনলাল অভিনীত জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘দৃশ্যম’ তৃতীয় পর্বেই শেষ হবে—এমনটাই ধারণা ছিল। তবে ‘দৃশ্যম ৩’-এর ব্যাপক সাফল্যের পর এবার চতুর্থ কিস্তি নির্মাণের পরিকল্পনা করছেন নির্মাতারা। বিষয়টি জানিয়েছেন সিনেমাটির প্রযোজক অ্যান্টনি পেরুম্বাভুর।

গত ২১ মে মোহনলালের জন্মদিন উপলক্ষে বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পায় জিতু জোসেফ পরিচালিত ‘দৃশ্যম ৩’। সিনেমাটিতে আবারও জর্জকুট্টি চরিত্রে দেখা যায় মোহনলালকে। তাঁর স্ত্রী ও দুই মেয়ের চরিত্রে ফিরেছেন মীনা, আনসিবা হাসান ও এস্থার অনিল। গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সিদ্দিকও।

মুক্তির পর দর্শক-সমালোচকদের প্রশংসা পাওয়ার পাশাপাশি বক্স অফিসেও দারুণ সাড়া ফেলে সিনেমাটি। বিশ্বব্যাপী ২৩৭ কোটি রুপির বেশি আয় করে ‘দৃশ্যম ৩’ অন্যতম সফল মালয়ালম সিনেমা হিসেবে জায়গা করে নেয়। আর এই বাণিজ্যিক সাফল্যই নতুন কিস্তির সম্ভাবনা তৈরি করেছে।

পরিচালক জিতু জোসেফের ভাষ্য, ২০১৩ সালে ‘দৃশ্যম’ মুক্তির আগে দ্বিতীয় কিস্তি নির্মাণের কোনো পরিকল্পনা ছিল না। প্রতিটি পর্ব দর্শকদের মধ্যে সাড়া পাওয়ার পরই পরবর্তী কিস্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবারও একইভাবে ‘দৃশ্যম ৪’ নির্মাণের পরিকল্পনা করা হচ্ছে।

এদিকে একই ফ্র্যাঞ্চাইজির বলিউড সংস্করণেও আসছে তৃতীয় কিস্তি। আগামী ২ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা অজয় দেবগন অভিনীত ‘দৃশ্যম ৩’-এর। সিনেমাটির নাম রাখা হয়েছে ‘দৃশ্যম: দ্য কনক্লুশন’। এটিকে বলা হচ্ছে ফ্র্যাঞ্চাইজিটির শেষ অধ্যায়।

অভিষেক পাঠক পরিচালিত সিনেমাটিতে বিজয়ের (অজয় দেবগন) গল্পের শেষ পরিণতি দেখানো হবে। আগের দুই কিস্তিতে পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে তাঁর নানা কৌশল ও রহস্যময় পদক্ষেপ দর্শকদের আগ্রহ তৈরি করেছিল। এবার সেই গল্পের চূড়ান্ত পর্ব সামনে আসবে।

সম্প্রতি প্রকাশিত হয়েছে ‘দৃশ্যম: দ্য কনক্লুশন’-এর প্রথম পোস্টার। সেখানে লেখা রয়েছে—‘আমার সত্য, আমার বাস্তব, শুধুমাত্র আমার পরিবার’।

সম্পাদক ও প্রকাশক: মোতাহার হোসেন

মোবাইল: ০১৩৩২-৮৪৫৬৯৯

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.