বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন সাদিয়া জাহান প্রভা

প্রকাশিত: ২৬ আগস্ট, ২০২৬ ১৫:৩২ (বৃহস্পতিবার)
বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন সাদিয়া জাহান প্রভা

বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন সাদিয়া জাহান প্রভা

কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার বিয়ে নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছে। এমনকি যুক্তরাষ্ট্রে পরিচয় হওয়া নিজের চেয়ে কম বয়সী এক যুবককে গোপনে চুক্তিভিত্তিক বিয়ে করেছেন বলেও দাবি করা হয়। তবে এসব খবরকে সম্পূর্ণ গুজব ও ভিত্তিহীন বলে জানিয়েছেন প্রভা।

মঙ্গলবার রাতে নিজের ফেসবুক পোস্টে বিয়ের গুঞ্জন নিয়ে অবস্থান পরিষ্কার করেন এই অভিনেত্রী। তিনি জানান, তিনি বিয়ে করেননি এবং কখনো চুক্তিভিত্তিক বিয়ে বা এ ধরনের কোনো সম্পর্কে জড়াননি।

প্রভা লেখেন, তাঁর সম্পর্কে ছড়িয়ে পড়া অভিযোগগুলো সম্পূর্ণ ভিত্তিহীন। বিয়ের মতো ব্যক্তিগত বিষয় নিয়ে তাঁর সঙ্গে যোগাযোগ না করেই বিভিন্ন তথ্য প্রকাশ করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

সাংবাদিকতার দায়িত্বশীলতার ওপর গুরুত্ব দিয়ে প্রভা বলেন, একজন সাংবাদিকের লেখার শক্তি অনেক বেশি। একই কলম দিয়ে কাউকে নেতিবাচকভাবে উপস্থাপন করা যেমন সম্ভব, তেমনি ইতিবাচকভাবেও তুলে ধরা যায়। তাই এই শক্তির সঙ্গে দায়িত্বশীলতাও থাকা জরুরি বলে মনে করেন তিনি।

নিজের অনুসারীদের উদ্দেশে প্রভা বলেন, কোনো ধরনের ভিত্তিহীন গুজব বা অপপ্রচারে কান দিয়ে যেন কেউ বিভ্রান্ত না হন। তাঁর ক্যারিয়ার, ব্যক্তিগত জীবন কিংবা অন্য কোনো বিষয়ে সঠিক ও সত্য তথ্য তিনি নিজেই ফেসবুকের মাধ্যমে অনুসারীদের জানাবেন।

উল্লেখ্য, প্রায় এক সপ্তাহ ধরে প্রভার বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন চলছে। মূলত তাঁর নিজের কিছু পোস্ট থেকেই এই আলোচনার সূত্রপাত হয়। চলতি বছরের এপ্রিলে অনামিকায় আংটি পরা একটি ছবি প্রকাশ করেছিলেন তিনি। পরে অনামিকায় হীরার আংটি ও হাতে ফুল নিয়ে আরেকটি ছবি পোস্ট করলে বিয়ের গুঞ্জন আরও জোরালো হয়।

তবে শেষ পর্যন্ত নিজের বক্তব্যে প্রভা স্পষ্ট করেছেন, তাঁর বিয়ে নিয়ে ছড়িয়ে পড়া খবরের কোনো ভিত্তি নেই।

সম্পাদক ও প্রকাশক: মোতাহার হোসেন

মোবাইল: ০১৩৩২-৮৪৫৬৯৯

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.