‘নয় বছর ছিলাম ডাম্পিং পোস্টিংয়ে, আর বোধ হয় চাকরি করা হলো না’, পুলিশ কর্মকর্তার পো

প্রকাশিত: ২৬ আগস্ট, ২০২৬ ১৫:১৯ (বৃহস্পতিবার)
‘নয় বছর ছিলাম ডাম্পিং পোস্টিংয়ে, আর বোধ হয় চাকরি করা হলো না’, পুলিশ কর্মকর্তার পো

বাংলাদেশ পুলিশে দীর্ঘদিন সততা, স্বচ্ছতা ও নিয়ম মেনে দায়িত্ব পালন করেও যথাযথ মূল্যায়ন না পাওয়ার অভিযোগ করেছেন ঢাকায় এসবির অতিরিক্ত পুলিশ সুপার (সুপারনিউমারারি পুলিশ সুপার) মো. রেজাউল করিম। সম্প্রতি তাঁকে এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টার, খাগড়াছড়িতে সংযুক্ত করার আদেশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

মঙ্গলবার জারি করা এক প্রজ্ঞাপনে রেজাউল করিমকে খাগড়াছড়ির এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারে সংযুক্ত করা হয়। এরপর নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি তাঁর পদায়ন নিয়ে হতাশা প্রকাশ করেন।

রেজাউল করিম লেখেন, ‘পুলিশ ডিপার্টমেন্টে কেন ভালো কাজ করতে অফিসাররা উৎসাহিত হন না, তার আরেকটা উদাহরণ তৈরি হলো আমার পোস্টিং দিয়ে।’

নিজের ১৫ বছরের চাকরিজীবনের প্রসঙ্গ তুলে তিনি দাবি করেন, এর মধ্যে প্রায় ৯ বছরই তাঁকে ‘ডাম্পিং পোস্টিংয়ে’ থাকতে হয়েছে। এত দিন বিষয়টি নিয়ে প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া না জানালেও এবারের পদায়ন তাঁকে ক্ষুব্ধ করেছে বলে পোস্টে উল্লেখ করেন তিনি।

পুলিশের অভ্যন্তরীণ কর্মপরিবেশ নিয়ে হতাশা প্রকাশ করে এই কর্মকর্তা বলেন, ‘শুধু এটুকুই বলব, এই ডিপার্টমেন্ট তেলবাজদের জন্যই ফিট। আমার মতো উচিত কথা বলা, সাহস নিয়ে সত্য বলা, নিয়ম মেনে কাজ করা অফিসারের কদর এই ডিপার্টমেন্ট করতে পারবে না।’

নিজের কর্মমূল্যায়ন নিয়েও প্রশ্ন তোলেন রেজাউল করিম। তিনি লেখেন, ‘১০০ শতাংশ সততা, স্বচ্ছতা নিয়ে কাজ করেও যদি এই রেজাল্ট পেতে হয়, তাহলে আর আমার কিছুই বলার নেই। এই ডিপার্টমেন্ট আমার জন্য নয়।’

পোস্টে তিনি আরও দাবি করেন, কয়েক দিন আগে পুলিশের কর্মকর্তাদের পদায়ন নিয়ে একটি সংবাদ প্রকাশিত হলে তিনি সেটি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন। পরে পুলিশ সদর দপ্তরের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বিষয়টি নিয়ে তাঁর কাছে জানতে চান। তিনি ওই কর্মকর্তাকে বিষয়টি ব্যাখ্যা করার পর শেয়ার করা সংবাদটি মুছে ফেলেন বলেও দাবি করেন।

তবে এরপরও তাঁকে সংযুক্ত করা হয়েছে বলে অভিযোগ করেন রেজাউল করিম।

নিজের পোস্টের শেষাংশে তিনি লেখেন, ‘এটাই বাংলাদেশ পুলিশে কাজের মূল্যায়ন। ভালো থাকুক বাংলাদেশ পুলিশ, ভালো থাকুক সেই সকল তথাকথিত ভালো অফিসাররা।’

এদিকে, তাঁর অভিযোগ ও সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বক্তব্যের বিষয়ে পুলিশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সম্পাদক ও প্রকাশক: মোতাহার হোসেন

মোবাইল: ০১৩৩২-৮৪৫৬৯৯

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.