১ সেপ্টেম্বর থেকে প্রয়োজনমতো টাকা তুলতে পারবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা

প্রকাশিত: ২৫ আগস্ট, ২০২৬ ১৩:৩৬ (বুধবার)
১ সেপ্টেম্বর থেকে প্রয়োজনমতো টাকা তুলতে পারবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা

সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যক্তি আমানতকারীরা আগামী ১ সেপ্টেম্বর থেকে প্রয়োজন অনুযায়ী নিজেদের হিসাব থেকে টাকা তুলতে পারবেন। একই সঙ্গে আমানতের মুনাফায় কোনো ধরনের ‘হেয়ারকাট’ বা কর্তন করা হবে না বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের সঙ্গে সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান কাজী শায়রুল হাসান ও ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান সিকদারের সাক্ষাৎকালে এ নির্দেশনা দেওয়া হয়। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায় বাংলাদেশ ব্যাংক।

বৈঠকে গভর্নর বলেন, জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমানতকারীদের মুনাফায় কোনো ধরনের হেয়ারকাট থাকবে না বলে ঘোষণা দিয়েছেন। এরপরও আমানতকারীদের মধ্যে এ বিষয়ে কিছুটা অস্পষ্টতা রয়েছে। তাই ব্যাংকের সব আমানতকারীকে বিষয়টি স্পষ্টভাবে জানাতে হবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, গত বছরের ২৯ ডিসেম্বর ঘোষিত স্কিম অনুযায়ী ইতোমধ্যে আমানতকারীদের অর্থ ফেরত দেওয়া হচ্ছে। এর ধারাবাহিকতায় ১ সেপ্টেম্বর থেকে ব্যক্তি আমানতকারীরা আল-ওয়াদিয়াহ চলতি হিসাব, মুদারাবা সঞ্চয়ী হিসাব ও মুদারাবা মেয়াদি আমানতের মূল অর্থ প্রয়োজন অনুযায়ী উত্তোলন করতে পারবেন। এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ব্যাংক কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে চলতি বছরের ১৪ জানুয়ারি একীভূত পাঁচ ব্যাংকের আমানতের মুনাফায় হেয়ারকাট আরোপের সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ ব্যাংক। ওই সিদ্ধান্ত অনুযায়ী ২০২৪ ও ২০২৫ সালের স্থিতির ওপর আমানতকারীদের মুনাফা না দেওয়ার কথা জানানো হয়েছিল। আন্তর্জাতিক রীতি অনুসরণের কথা উল্লেখ করে দুই বছরের মুনাফা কর্তনের সিদ্ধান্তও নেওয়া হয়।

এ সিদ্ধান্তের পর আমানতকারীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দেয়। নতুন নির্দেশনার ফলে সেই অনিশ্চয়তা অনেকটাই কাটবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, প্রায় ৩৫ হাজার কোটি টাকা মূলধন নিয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক দেশের সবচেয়ে বড় এবং একমাত্র সরকারি মালিকানাধীন ইসলামী ব্যাংক। ব্যাংকটির কার্যক্রম দ্রুত স্বাভাবিক করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

ফলে আগামী ১ সেপ্টেম্বর থেকে ব্যক্তি আমানতকারীদের জন্য সম্মিলিত ইসলামী ব্যাংকের লেনদেনের পরিধি আরও বাড়তে যাচ্ছে।

সম্পাদক ও প্রকাশক: মোতাহার হোসেন

মোবাইল: ০১৩৩২-৮৪৫৬৯৯

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.