অক্টোবরে বাংলাদেশের বিপক্ষে খেলতে চায় ব্রাজিল
বাংলাদেশে এসে জাতীয় দলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে আগ্রহ দেখিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। আগামী ৬ অক্টোবর ঢাকায় বাংলাদেশ ও ব্রাজিলের মধ্যে একটি প্রীতি ম্যাচ আয়োজনের সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। তবে বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) বা বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
ব্রাজিলের পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল গতকাল রোববার ঢাকায় এসে জাতীয় স্টেডিয়াম ও কিংস অ্যারেনা পরিদর্শন করেছে। পরে প্রতিনিধিদলের সদস্যরা বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। তাদের এই সফরকে ঢাকায় সম্ভাব্য ম্যাচ আয়োজনের প্রস্তুতির অংশ হিসেবে দেখা হচ্ছে।
ব্রাজিলের বাংলাদেশ সফরের পরিকল্পনাটি তাদের সেপ্টেম্বর-অক্টোবরে আন্তর্জাতিক সূচির অংশ হিসেবে বিবেচনা করা হচ্ছে। সূচি অনুযায়ী, ২৫ ও ২৯ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ায় দুটি প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে তাদের। এরপর ৩ অক্টোবর কলকাতায় ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে ব্রাজিল। ফিফার আন্তর্জাতিক উইন্ডো ১৯ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত হওয়ায় এই সময়ের মধ্যেই ম্যাচগুলো আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক উইন্ডোর শেষ দিন ৬ অক্টোবর বাংলাদেশে এসে খেলতে আগ্রহী ব্রাজিল। কলকাতার ম্যাচের পর ঢাকায় এলে ভ্রমণ ব্যবস্থাপনাও তুলনামূলক সহজ হবে। তবে ম্যাচটি আয়োজনের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
ব্রাজিলকে ঢাকায় আনার ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে পারে বাংলাদেশের ব্যস্ত আন্তর্জাতিক সূচি। আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর ইন্দোনেশিয়ায় ফিফার তত্ত্বাবধানে অনুষ্ঠিতব্য আসিয়ান কাপে অংশ নেওয়ার কথা বাংলাদেশের। সেখানে অন্তত চারটি ম্যাচ খেলতে হবে বাংলাদেশকে।
ফিফার একটি আন্তর্জাতিক উইন্ডোতে একটি জাতীয় দল সর্বোচ্চ চারটি ম্যাচ খেলতে পারে। ফলে ৪ অক্টোবর আসিয়ান কাপের ম্যাচ শেষ করে বাংলাদেশে ফিরে মাত্র দুই দিনের ব্যবধানে ৬ অক্টোবর ব্রাজিলের বিপক্ষে মাঠে নামা কঠিন হয়ে উঠতে পারে। শারীরিক ধকলের পাশাপাশি আন্তর্জাতিক ম্যাচসংখ্যার বিষয়টিও এখানে গুরুত্বপূর্ণ।
এ কারণে আসিয়ান কাপের সূচির সঙ্গে ব্রাজিলের বিপক্ষে সম্ভাব্য ম্যাচটি কীভাবে সমন্বয় করা হবে, সেটিই এখন বাফুফের সামনে বড় প্রশ্ন।
অন্যদিকে, ব্রাজিলকে বাংলাদেশে আনার ক্ষেত্রে আর্থিক বিষয়টিও গুরুত্বপূর্ণ। সংশ্লিষ্ট সূত্রের তথ্যমতে, ব্রাজিলের প্রায় ৯০ সদস্যের বহর কলকাতা থেকে ঢাকায় এবং পরে ঢাকা থেকে দুবাই চার্টার্ড ফ্লাইটে নেওয়ার ব্যবস্থা করতে হতে পারে। এর সঙ্গে নিরাপত্তা, আবাসন, ভ্রমণ ও অন্যান্য আনুষঙ্গিক ব্যয়ও যুক্ত হবে।
তবে ভারত-বাংলাদেশ ভ্রমণপথে কলকাতা থেকে ঢাকায় আসার সুযোগ থাকায় সরাসরি অন্য কোনো দেশ থেকে ব্রাজিলকে ঢাকায় আনার তুলনায় খরচ কিছুটা কম হতে পারে। সব দিক বিবেচনা করে ম্যাচ আয়োজনের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট পক্ষগুলো।
আইটি ল্যাব সলিউশন্স লি.