জেমস বললেন, এটা বড় কোনো ঘটনা নয়
ইউরোপে সংগীতসফরে ব্যস্ত সময় কাটাচ্ছেন নগরবাউল জেমস। বর্তমানে ইতালিতে অবস্থান করছেন তিনি। দেশটির বিভিন্ন শহরে কনসার্ট করছেন এই জনপ্রিয় শিল্পী। কয়েক দিন আগে রোমে একটি কনসার্টের পর জেমস ও তাঁর সফরসঙ্গীদের বিরুদ্ধে হোটেলের কক্ষ নোংরা ও অগোছালো রেখে যাওয়ার অভিযোগ ওঠে। তবে বিষয়টি নিয়ে এবার মুখ খুলেছেন জেমস।
১৬ আগস্ট রোমে কনসার্টে অংশ নিতে জেমস ও তাঁর সফরসঙ্গীরা বেস্ট ওয়েস্টার্ন হোটেলের একটি অ্যাপার্টমেন্টে ওঠেন। চেকআউটের পর ওই কক্ষের কয়েকটি ছবি এবং হোটেল কর্তৃপক্ষের সঙ্গে আয়োজকদের কথোপকথনের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
হোটেল কর্তৃপক্ষের অভিযোগ ছিল, কক্ষটি অপরিষ্কার ও অগোছালো অবস্থায় রেখে যাওয়া হয়েছে এবং তাঁদের না জানিয়েই সেটি ছেড়ে যাওয়া হয়েছে। এ কারণে আয়োজকদের ২০০ ইউরো জরিমানাও করে হোটেল কর্তৃপক্ষ।
বর্তমানে ইতালির ভেনিসে রয়েছেন জেমস। ২৩ আগস্ট সেখানে তাঁর কনসার্ট হওয়ার কথা। কনসার্ট উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে রোমের হোটেল-কাণ্ড নিয়ে প্রশ্ন করা হলে জেমস জানান, আলোচিত কক্ষটিতে তিনি ছিলেন না। সেখানে ছিলেন তাঁর দলের অতিথি মিউজিশিয়ানরা।
জেমস বলেন, ‘হোটেল কর্তৃপক্ষ যে রুমের কথা বলছে, সেটা হলো ৫৪৯। সেখানে আমাদের অতিথি গিটারিস্ট ও কি-বোর্ডিস্ট ছিল। হোটেল ক্লিন রাখা নিয়ম, কিন্তু ইয়াং ছেলে—তারা হয়তো পরিষ্কার করেনি। কিন্তু এটা বড় কোনো ঘটনা নয়। হোটেলে অনেক সময় এমন ঘটনা ঘটে থাকে। প্রতিদিন পরিষ্কার করতে হয়, তারা হয়তো সেটি করেনি।’
২০০ ইউরো জরিমানার বিষয়টিকেও বড় করে দেখছেন না জেমস। তিনি বলেন, ‘অনেকেই রুম এলোমেলো রাখে। যদি হোটেল কর্তৃপক্ষ সত্যিই ২০০ ইউরো জরিমানা করে থাকে, তাহলে এটা এমন কী বড় ফাইন? এমনও দেখা যায়, কেউ রুমে ধূমপান করে ১০০ বা ২০০ ইউরো জরিমানা দেয়। একেক দেশে একেক নিয়ম, এটি এমন বড় কোনো বিষয় নয়।’
ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার বিষয়েও নিজের অবস্থান জানান জেমস। তিনি বলেন, ‘এটা নিয়ে এত বড় কোনো ইস্যু তৈরি করার দরকার নেই। মানুষের ফোন আছে, দুই-চারটা কথা লিখছে লিখুক। বাধা দেওয়ার কিছু নেই। তারা মন খুলে লিখুক, স্বাধীনতা আছে।’
আইটি ল্যাব সলিউশন্স লি.