ভারত সফর হতেই পারে, তবে সমতা ও বন্ধুত্বের ভিত্তিতে: জামায়াত আমির

প্রকাশিত: ২২ আগস্ট, ২০২৬ ১০:৩৮ (রবিবার)
ভারত সফর হতেই পারে, তবে সমতা ও বন্ধুত্বের ভিত্তিতে: জামায়াত আমির

প্রধানমন্ত্রী সারা বিশ্ব সফর করতে পারেন, ভারত সফরেও কোনো অসুবিধা নেই। তবে সেই সফর হতে হবে সমতা, সমমর্যাদা ও বন্ধুত্বের ভিত্তিতে। দেশের মানুষ আর কোনো দেশের আধিপত্যবাদ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

শুক্রবার দুপুরে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর আয়োজনে সদস্য (রুকন) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শফিকুর রহমান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান একই সঙ্গে সরকারপ্রধান ও দলীয় প্রধান। তিনি চাইলে দেশে চলমান চাঁদাবাজি, দুর্নীতি ও ঘুষ-বাণিজ্য বন্ধ করতে পারেন। তাঁর ভাষায়, প্রধানমন্ত্রী চাইলে এসব বন্ধ হবে; এখন বড় প্রশ্ন হলো, তিনি তা চান কি না।

জামায়াতের নেতা-কর্মীদের উদ্দেশে দলটির আমির বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মানুষের কাছে একটি আদর্শিক সংগঠন হিসেবে পরিচিত। মানুষের এই আস্থা অর্জনে সংগঠনটি দীর্ঘদিন ধরে ইসলামের দাওয়াত এবং আদর্শ সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

আসন্ন স্থানীয় নির্বাচন প্রসঙ্গে নেতা-কর্মীদের জনমানুষের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন শফিকুর রহমান। তিনি বলেন, মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে সবাইকে ভূমিকা রাখতে হবে। কেউ যেন ভোটাধিকার কেড়ে নিতে না পারে, সে বিষয়ে নেতা-কর্মীদের সোচ্চার থাকতে হবে।

সম্মেলনে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর আমির ও সংসদ সদস্য ড. মাওলানা কেরামত আলী। সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডলের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এমপি।

এ ছাড়া বক্তব্য দেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমির নুরুল ইসলাম বুলবুল এমপি, সহকারী অঞ্চল পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ নজরুল ইসলাম এবং রাজশাহী জেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল খালেক।

সম্পাদক ও প্রকাশক: মোতাহার হোসেন

মোবাইল: ০১৩৩২-৮৪৫৬৯৯

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.