নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন, বদলেছে আরও এক মন্ত্রীর দপ্তর
শপথ নেওয়া নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর মধ্যে দায়িত্ব বণ্টন করেছে সরকার। একই সঙ্গে আরও একটি মন্ত্রণালয়ের মন্ত্রীর দপ্তর পরিবর্তন করা হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) রাতে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।
এর আগে শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীকে শপথবাক্য পাঠ করান। এর আগে তিনি নিজেও রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন।
নতুন চার মন্ত্রী হলেন—আবদুল মঈন খান, রশিদুজ্জামান মিল্লাত, সাচিং প্রু জেরী ও আন্দালিভ রহমান পার্থ। আর নতুন দুই প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির (টেকনোক্রেট) ও মোহাম্মদ শামীম কায়সার (লিংকন)।
রাষ্ট্রপতি হওয়ার কারণে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া স্থানীয় সরকারমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন আবদুল মঈন খান।
প্রতিমন্ত্রী থেকে মন্ত্রী হওয়া রশিদুজ্জামান মিল্লাতকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী করা হয়েছে। এতদিন এ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বে থাকা আফরোজা খানম (রিতা) পেয়েছেন খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব।
বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী করা হয়েছে। বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর এ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছিলেন দীপেন দেওয়ান। তবে তিন মাসের মাথায় তিনি পদত্যাগ করেন। বর্তমানে মন্ত্রণালয়টির প্রতিমন্ত্রীর দায়িত্বে রয়েছেন মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
বিজেপি চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী করা হয়েছে। এ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বে থাকা জহির উদ্দিন স্বপনকে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা করা হয়েছে।
অন্যদিকে মোহাম্মদ শামীম কায়সারকে ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। এ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বে রয়েছেন কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।
নতুন প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরকে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্বে থাকা শামা ওবায়েদ ইসলামও আগের পদে বহাল থাকছেন। ফলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এখন দুজন প্রতিমন্ত্রী দায়িত্ব পালন করবেন। এ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বে রয়েছেন খলিলুর রহমান।
আইটি ল্যাব সলিউশন্স লি.