রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে এনসিপির অভিনন্দন

প্রকাশিত: ২১ আগস্ট, ২০২৬ ১৫:৩৭ (শুক্রবার)
রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে এনসিপির অভিনন্দন

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দলটির ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে এ অভিনন্দন জানানো হয়।

তবে নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন জানালেও রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের ভিত্তিতে আয়োজন না করায় বিএনপির সমালোচনা করেছে এনসিপি। দলটির অভিযোগ, জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েও বিএনপি তা রক্ষা করছে না।

এনসিপির সর্বোচ্চ নীতিনির্ধারণী কমিটি রাজনৈতিক পর্ষদের সদস্য ও মিডিয়া উপকমিটির প্রধান সারোয়ার তুষার বৃহস্পতিবার সন্ধ্যায় বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে জুলাই সনদ উপেক্ষা করা হয়েছে। তিনি এটিকে ‘প্রতারণা’ হিসেবে উল্লেখ করেন।

এর আগে বৃহস্পতিবার দুপুরে রাষ্ট্রপতি নির্বাচনের আগে জাতীয় সংসদ ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামও এ বিষয়ে দলের অবস্থান তুলে ধরেন।

নাহিদ ইসলামের অভিযোগ, বিএনপি সরকার প্রশাসনের বিভিন্ন স্তরে দলীয়করণ করছে। রাষ্ট্রপতি নির্বাচনেও দলীয় প্রার্থী দেওয়ার মাধ্যমে একই ধরনের দলীয়করণ করা হয়েছে। তার দাবি, প্রধানমন্ত্রী নিজেই দলীয় প্রার্থীকে রাষ্ট্রপতি নির্বাচিত করছেন এবং এতে স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ নেই।

এনসিপির আহ্বায়ক আরও বলেন, বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন করলে রাষ্ট্রপতি নির্বাচন গোপন ব্যালটে হওয়ার কথা ছিল। কিন্তু তা করা হয়নি। ফলে বিএনপি মুখে এক কথা বললেও কাজে ভিন্ন অবস্থান নিয়েছে বলে মন্তব্য করেন তিনি।

সম্পাদক ও প্রকাশক: মোতাহার হোসেন

মোবাইল: ০১৩৩২-৮৪৫৬৯৯

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.