সাতছড়ির গভীর জঙ্গলে মাটির নিচে মিলল ৬ পিস্তল ও ২২ রাউন্ড গুলি
হবিগঞ্জের চুনারুঘাটে সাতছড়ি সংরক্ষিত বনাঞ্চলের দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে মাটির নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ছয়টি পিস্তল, সাতটি ম্যাগাজিন ও ২২ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে হবিগঞ্জ ব্যাটালিয়নের (৫৫ বিজিবি) সাতছড়ি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ দল দুর্গম ওই এলাকায় অভিযান পরিচালনা করে।
বিজিবি জানায়, সীমান্ত পিলার ১৯৭৮ থেকে প্রায় তিন কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে সাতছড়ি রিজার্ভ ফরেস্টের ঘন জঙ্গলে অভিযান চালানো হয়। এ সময় মাটির নিচে বিশেষ কৌশলে পুঁতে রাখা অবস্থায় ছয়টি পিস্তল, সাতটি ম্যাগাজিন ও বিভিন্ন ধরনের ২২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
বিজিবির প্রাথমিক ধারণা, উদ্ধার হওয়া অস্ত্রগুলোর বেশির ভাগই আমেরিকা ও ইতালিসহ বিভিন্ন দেশে তৈরি। এসব অস্ত্র ডাকাতির উদ্দেশ্যে আনা হয়ে থাকতে পারে বলে ধারণা করছে বাহিনীটি। তবে কারা অস্ত্রগুলো সেখানে লুকিয়ে রেখেছিল, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
হবিগঞ্জ ব্যাটালিয়নের (৫৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে থানায় জমা দেওয়ার কার্যক্রম চলছে। অস্ত্রগুলো লুকিয়ে রাখার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা এবং অভিযান অব্যাহত রয়েছে।
বিজিবি আরও জানিয়েছে, গত তিন মাসে ৫৫ বিজিবির অভিযানে সাতছড়ি সংরক্ষিত বনাঞ্চলের দুর্গম সীমান্ত এলাকা থেকে প্রায় ৪১ লাখ টাকা মূল্যের বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য ও অবৈধ সামগ্রী আটক করা হয়েছে।
আটক করা এসব সামগ্রীর মধ্যে রয়েছে ২৩৮ কেজি ভারতীয় গাঁজা, ২ হাজার ৫৮৫টি ইয়াবা, ৫৯ বোতল মদ ও ২১টি গরু।
আইটি ল্যাব সলিউশন্স লি.