চীনের রাষ্ট্রদূতের সঙ্গে এনসিপির নেতাদের সৌজন্য সাক্ষাৎ
চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও আন্তর্জাতিক সম্পর্ক এবং প্রবাসীবিষয়ক উপকমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে ঢাকায় চীনা দূতাবাসে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার নেতৃত্বে এনসিপির একটি প্রতিনিধিদল বৈঠকে অংশ নেয়।
আসিফ মাহমুদের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।
পোস্টে বলা হয়, বৈঠকে বাংলাদেশ-চীন দ্বিপক্ষীয় সম্পর্ক, আঞ্চলিক বিভিন্ন বিষয় এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা ইস্যু নিয়ে আলোচনা হয়। সৌহার্দ্যপূর্ণ ও গঠনমূলক পরিবেশে উভয় পক্ষ নিজেদের মতামত তুলে ধরে।
এ সময় আঞ্চলিক স্থিতিশীলতা ও অভিন্ন উন্নয়নের স্বার্থে ধারাবাহিক কূটনৈতিক যোগাযোগ, পারস্পরিক সম্মান এবং সহযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
এনসিপির প্রতিনিধিদলে আরও ছিলেন দলটির আন্তর্জাতিক সেলের ইনচার্জ আলাউদ্দিন মোহাম্মদ, পূর্ব এশিয়া ডেস্কের প্রধান মাহবুব আলম, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ডেস্কের প্রধান নাভিদ নওরাজ শাহ এবং জয়েন্ট চিফ কো-অর্ডিনেটর মঞ্জিলা ঝুমা।
আইটি ল্যাব সলিউশন্স লি.