অভিনয়ের বাইরে গাড়ির ব্যবসায় সামিরা খান মাহি
অভিনয়ের পাশাপাশি এবার ব্যবসায়িক উদ্যোগে যুক্ত হলেন ছোট পর্দার অভিনেত্রী সামিরা খান মাহি। গাড়ি বিক্রির প্রতিষ্ঠান ‘স্পিডটাচ অটোস’-এর পরিচালক হিসেবে দায়িত্ব নেওয়ার পাশাপাশি প্রতিষ্ঠানটির শেয়ারহোল্ডারও হয়েছেন তিনি।
নতুন ব্যবসায় যুক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করে সামিরা খান মাহি বলেন, নিজের ভিশন, উদ্যম ও নতুন ধারণা কাজে লাগিয়ে প্রতিষ্ঠানটির কার্যক্রমে অবদান রাখতে চান তিনি। তাঁর লক্ষ্য, স্পিডটাচ অটোসের মাধ্যমে ব্র্যান্ড নিউ, রিকন্ডিশন্ড ও প্রি-ওউনড গাড়ির ক্ষেত্রে গ্রাহকদের ভালো মানের সেবা, সঠিক মূল্য এবং প্রতিযোগিতামূলক সুবিধা দেওয়া।
মাহি জানান, বেশ কিছুদিন ধরেই অভিনয়ের পাশাপাশি ব্যবসায় নামার পরিকল্পনা করছিলেন। বর্তমানে দুটি ব্যবসায়িক উদ্যোগ নিয়ে কাজ করছেন তিনি। এর মধ্যে গাড়ির ব্যবসার বিষয়টি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছেন। অন্য উদ্যোগটির খবরও শিগগির জানাবেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী।
অভিনয়ে বেছে বেছে কাজ
গত দুই বছর ধরে অভিনয়ের কাজও অনেকটাই কমিয়ে দিয়েছেন সামিরা খান মাহি। গল্প ও চরিত্র পছন্দ হলেই কেবল নতুন কাজে যুক্ত হচ্ছেন তিনি।
অভিনয়ের পাশাপাশি কেন ব্যবসায় যুক্ত হলেন—এ বিষয়ে মাহি বলেন, গত দুই বছর ধরে কাজের সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছেন। অভিনয় তাঁর আয়ের অন্যতম উৎস হলেও এখন থেকে বেছে বেছে কাজ করতে চান। তাই বিকল্প আয়ের পথ তৈরি করার প্রয়োজন থেকেই ব্যবসার সঙ্গে যুক্ত হয়েছেন।
তাঁর ভাষায়, অভিনয়কে পেশা হিসেবে চালিয়ে গেলেও সব ধরনের কাজে যুক্ত হতে চান না। গল্প ও চরিত্র ভালো লাগলেই কাজ করবেন। সে কারণে ভবিষ্যতের জন্য ভিন্ন আয়ের উৎস তৈরি করাও জরুরি বলে মনে করছেন তিনি।
নতুন দুই মিনি সিরিজে মাহি
এদিকে অভিনয়ে কম সময় দিলেও নতুন দুটি মিনি সিরিজে কাজ করতে যাচ্ছেন সামিরা খান মাহি। এর মধ্যে রয়েছে ‘মায়ার সংসার’ ও ‘কর্মফল’।
মহিন খানের পরিচালনায় নির্মিত ‘কর্মফল’ একটি পারিবারিক গল্পের সিরিজ। এতে মাহির সঙ্গে অভিনয় করেছেন দিলারা জামান, ইরফান সাজ্জাদ, মাহমুদুল ইসলাম মিঠু, আ খ ম হাসান, দীপা খন্দকার ও মনিরা মিঠুসহ আরও অনেকে।
অন্যদিকে ‘মায়ার সংসার’ নির্মাণ করেছেন মোহাম্মদ ওমর ফারুক। এতে মাহির সঙ্গে অভিনয় করেছেন নাদের চৌধুরী, মনিরা মিঠুসহ অন্য শিল্পীরা।
নির্মাতাদের পক্ষ থেকে জানানো হয়েছে, দুটি সিরিজই শিগগির ‘সিনেমাওয়ালা’ ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে।
আইটি ল্যাব সলিউশন্স লি.