কিয়েভে রাতভর রুশ হামলা, নিহত ৫
ইউক্রেনের রাজধানী কিয়েভ ও আশপাশের এলাকায় রাতভর রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২৩ জন। হামলায় আবাসিক ভবন, গুদাম ও বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি সেবা সংস্থা (ডিএসএনএস) জানিয়েছে, বৃহস্পতিবার রাতে কিয়েভ ও এর আশপাশে একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়। ক্ষতিগ্রস্ত ভবনের ধ্বংসস্তূপে কেউ আটকা পড়েছেন কি না, তা নিশ্চিত করতে উদ্ধারকর্মীরা তল্লাশি চালাচ্ছেন। এরই মধ্যে ধ্বংসস্তূপের নিচ থেকে একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
কিয়েভের মেয়র ভিটালি ক্লিচকো জানান, হামলায় একটি শিশু হাসপাতালও ক্ষতিগ্রস্ত হয়েছে। হাসপাতালটির বেশ কিছু জানালার কাচ ভেঙে যায়। আশপাশে কয়েকটি গাড়িতেও আগুন ধরে যায়।
এ ছাড়া কিয়েভের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সোলোমিয়ানস্কি জেলায় একটি শিল্প এলাকায় ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে জানিয়েছেন মেয়র।
কিয়েভ অঞ্চলের গভর্নর টিমুর তাকাচেঙ্কোর তথ্য অনুযায়ী, বৃহত্তর কিয়েভের ব্রোভারি জেলায় পৃথক হামলায় একজন নিহত এবং আরেকজন আহত হয়েছেন।
বিদ্যুৎ বিচ্ছিন্ন হাজারো বাড়ি
হামলার প্রভাবে কিয়েভ ও আশপাশের এলাকায় বিপুলসংখ্যক বাড়িঘর ও বিভিন্ন স্থাপনার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ফলে অঞ্চলটির কিছু অংশ সাময়িকভাবে অন্ধকারে ডুবে যায়। ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ অবকাঠামো দ্রুত মেরামতের কাজ চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
হামলার আশঙ্কায় রাতের শুরুতেই স্থানীয় বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। আঞ্চলিক প্রশাসন সতর্ক করে জানায়, ওই এলাকায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হতে পারে। পরে ইউক্রেনের বিমানবাহিনীর সতর্কবার্তার ভিত্তিতে আরও ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কা জানানো হয়।
প্রায় প্রতিরাতেই হামলা
সাম্প্রতিক সপ্তাহগুলোতে কিয়েভে প্রায় নিয়মিত রাতের বেলায় রুশ বিমান হামলা হচ্ছে। এসব হামলার কোনো কোনো ঘটনায় বহু মানুষ নিহত ও আহত হয়েছেন।
তবে শুধু ইউক্রেনই রুশ হামলার শিকার হচ্ছে না। ইউক্রেনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলাও রাশিয়ার বিভিন্ন অঞ্চলে আঘাত হানছে। চলতি সপ্তাহে রাশিয়ায় পৃথক দুটি হামলায় অন্তত ১৬ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে একটি শিশুও রয়েছে।
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করে রাশিয়া। চার বছরের বেশি সময় ধরে চলা এই যুদ্ধে বর্তমানে ইউক্রেনের প্রায় এক-পঞ্চমাংশ ভূখণ্ড রুশ বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। এর বড় অংশ দেশটির পূর্বাঞ্চল ও সীমান্তবর্তী এলাকায়।
আইটি ল্যাব সলিউশন্স লি.