অভিষেকেই বাজিমাত বাংলাদেশি বংশোদ্ভূত ফারহানের

প্রকাশিত: ১৯ আগস্ট, ২০২৬ ১৪:১১ (বুধবার)
অভিষেকেই বাজিমাত বাংলাদেশি বংশোদ্ভূত ফারহানের

অভিষেক ম্যাচেই নজর কেড়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ফুটবলার ফারহান আলী ওয়াহিদ। লিডস ইউনাইটেডের অনূর্ধ্ব-২১ দলের বিপক্ষে বোরহাম উডের অনূর্ধ্ব-২১ দলের ৫-২ গোলের জয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন তিনি। দলের দুটি গোলেই সরাসরি অবদান রেখেছেন এই তরুণ উইঙ্গার।

ন্যাশনাল লিগের ‘সি’ গ্রুপের অনূর্ধ্ব-২১ পর্যায়ের ম্যাচটি গত রাতে মিডো পার্কে অনুষ্ঠিত হয়। বোরহাম উডের মূল একাদশে সুযোগ পেয়েই নিজের সামর্থ্যের প্রমাণ দেন ফারহান।

ম্যাচের ৪১ মিনিটে বোরহাম উডের হয়ে প্রথম গোল করেন তিনি। এরপর প্রথমার্ধের যোগ করা সময়ে সতীর্থ তারান আল্লারাখিয়াকে দিয়ে গোল করান ফারহান। ফলে অভিষেক ম্যাচেই একটি গোল ও একটি অ্যাসিস্ট করে দলের জয়ে বড় ভূমিকা রাখেন তিনি।

৮২ মিনিটে নিজের দ্বিতীয় গোলেরও সুযোগ পেয়েছিলেন ফারহান। মাঝমাঠ থেকে বল নিয়ে দ্রুত প্রতিপক্ষের বক্সের দিকে এগিয়ে গিয়ে একজন ডিফেন্ডারকে কাটিয়ে দারুণ শট নেন। তবে লিডসের গোলরক্ষক অসাধারণ দক্ষতায় সেটি ঠেকিয়ে দেন।

ফারহানের পারফরম্যান্সে প্রশংসা করেছে বোরহাম উডও। ক্লাবটির পক্ষ থেকে বলা হয়েছে, প্রথমবারের মতো শুরু থেকে মাঠে নেমেই ফারহান দুর্দান্ত খেলেছেন। তাঁর ড্রিবলিং, বুদ্ধিদীপ্ত ছোট পাস এবং দ্রুত বলের দখল পুনরুদ্ধারের দক্ষতা বিশেষভাবে প্রশংসিত হয়েছে।

চলতি মাসের শুরুতে প্রিমিয়ার লিগের ক্লাব ফুলহাম থেকে ধারে পঞ্চম স্তরের ক্লাব বোরহাম উডে যোগ দেন ফারহান। মাত্র ১২ বছর বয়সে ফুলহামের একাডেমিতে যোগ দেওয়া এই উইঙ্গার অনূর্ধ্ব-১৮ দলের হয়ে ১৭ ম্যাচে সাতটি গোল করেন।

পরবর্তীতে ফুলহামের অনূর্ধ্ব-২১ দলের হয়ে ২১ ম্যাচে ছয় গোলের পাশাপাশি নয়টি অ্যাসিস্ট করেন বাংলাদেশি বংশোদ্ভূত এই ফুটবলার।

সম্পাদক ও প্রকাশক: মোতাহার হোসেন

মোবাইল: ০১৩৩২-৮৪৫৬৯৯

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.