ব্রাহ্মণবাড়িয়ায় গান বাজানো নিয়ে পুলিশ-মাদ্রাসাছাত্র সংঘর্ষ, আহত ২৫
ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ লাইনসে সাংস্কৃতিক অনুষ্ঠানে উচ্চ শব্দে গান বাজানোকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে মাদ্রাসাছাত্রদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশ সদস্য, মাদ্রাসাছাত্রসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের কারণে জেলা পুলিশের আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান পণ্ড হয়ে যায়।
মঙ্গলবার রাত ১১টার পর জেলা শহরের পশ্চিম মেড্ডা এলাকায় পুলিশ লাইনসের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ, মাদ্রাসাছাত্র ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আব্দুল কুদ্দুস চৌধুরীর আগমন উপলক্ষে মঙ্গলবার রাতে পুলিশ লাইনসে জেলা পুলিশের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উচ্চ শব্দে গান বাজানো হচ্ছিল।
এ সময় স্থানীয় কয়েকজন মাদ্রাসাছাত্র পুলিশ লাইনসের ভেতরে গিয়ে গান বন্ধ অথবা শব্দ কমানোর অনুরোধ করেন। এ নিয়ে তাঁদের সঙ্গে পুলিশ সদস্যদের কথা-কাটাকাটি হয়। পরে শতাধিক মাদ্রাসাছাত্র পুলিশ লাইনসের ভেতরে প্রবেশ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশের ভাষ্য অনুযায়ী, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিপেটা শুরু করলে মাদ্রাসাছাত্ররা পাল্টা ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে দুই পক্ষের বেশ কয়েকজন আহত হন।
দারুল আরকাম মাদ্রাসার কয়েকজন শিক্ষার্থী জানান, বুধবার তাঁদের পরীক্ষা রয়েছে। পুলিশ লাইনসে উচ্চ শব্দে গান বাজানোর কারণে তাঁদের পড়াশোনায় সমস্যা হচ্ছিল। এ কারণে কয়েকজন শিক্ষার্থী প্রথমে গিয়ে শব্দ কমানোর অনুরোধ করেন। তাঁদের অভিযোগ, এ সময় কথা-কাটাকাটির একপর্যায়ে পুলিশ তাঁদের ওপর লাঠিপেটা করে।
সংঘর্ষের পর পুলিশ লাইনস এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে উত্তপ্ত পরিস্থিতির কারণে সাংস্কৃতিক অনুষ্ঠানটি আর চালু করা সম্ভব হয়নি।
এ ঘটনায় পুলিশের বক্তব্য জানতে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. ওবায়দুর রহমানের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।
আইটি ল্যাব সলিউশন্স লি.