জালালাবাদ গ্যাসের পরিচালক হলেন বিএনপি নেতা বদরুজ্জামান সেলিম
সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. বদরুজ্জামান সেলিমকে জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেমস লিমিটেডের (জেজিটিডিএসএল) পরিচালনা পর্ষদের পরিচালক হিসেবে মনোনীত করা হয়েছে।
সোমবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের কোম্পানি অ্যাফেয়ার্স-১ শাখার সিনিয়র সহকারী সচিব মো. রুহুল আমিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ মনোনয়নের কথা জানানো হয়।
মন্ত্রণালয়ের আদেশ অনুযায়ী, পেট্রোবাংলার আওতাধীন বিভিন্ন কোম্পানির পরিচালনা পর্ষদে আংশিক পরিবর্তন আনা হয়েছে। এর অংশ হিসেবে জালালাবাদ গ্যাসের পরিচালকের পদে থাকা সিনিয়র সহকারী সচিব সাবরিনা আফরিন মুস্তফাকে পরিবর্তন করে তাঁর স্থলে বদরুজ্জামান সেলিমকে দায়িত্ব দেওয়া হয়েছে। একই আদেশে সাবরিনা আফরিন মুস্তফাকে পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেডের (পিজিসিএল) পরিচালক হিসেবে মনোনয়ন দেওয়া হয়।
বদরুজ্জামান সেলিম বর্তমানে রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। সর্বশেষ জাতীয় নির্বাচনে তিনি সিলেট-৪ আসন থেকে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন।
এর আগে তিনি সিলেট জেলা ছাত্রদলের সভাপতি এবং বিএনপির কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতির দায়িত্ব পালন করেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি জালালাবাদ গ্যাসের পরিচালনা পর্ষদের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন।
নতুন দায়িত্বের বিষয়ে বদরুজ্জামান সেলিম বলেন, ‘আমি এখন পরিচালক হিসেবে জয়েন হচ্ছি। আগামীকাল সিলেটে ফিরব। দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করছি।’
এদিকে বিএনপি সরকার গঠনের পর সিলেটের আরও কয়েকজন বিএনপি নেতাকে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও সংস্থায় গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী সিলেট ওয়াসার চেয়ারম্যান, জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী সিলেট সিটি করপোরেশনের প্রশাসক, জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম সিলেট জেলা পরিষদের প্রশাসক এবং মহানগর বিএনপির সদ্য সাবেক ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন।
আইটি ল্যাব সলিউশন্স লি.