২১ ঘণ্টা পর মুচলেকায় মুক্ত মাহদি হাসানসহ তিনজন
হবিগঞ্জে আটকের প্রায় ২১ ঘণ্টা পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার সদস্যসচিব মাহদি হাসানসহ তিনজনকে মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছে পুলিশ।
মঙ্গলবার দুপুর ২টার দিকে হবিগঞ্জ সদর মডেল থানা থেকে তাঁদের মুক্তি দেওয়া হয়। মুক্তি পাওয়া অন্য দুজন হলেন বৈছাআ নেতা মির্জা সুমন ও মো. রাকিব।
এর আগে সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে হবিগঞ্জ শহরের কোর্ট মসজিদ এলাকা থেকে তাঁদের আটক করা হয়। পুলিশ জানায়, প্রশাসনের অনুমতি ছাড়া বিক্ষোভ মিছিলের আয়োজন এবং বিশৃঙ্খলার আশঙ্কায় তাঁদের আটক করা হয়েছিল।
মুক্তির পর মাহদি হাসান অভিযোগ করেন, লোডশেডিং, বিদ্যুতের দাম বৃদ্ধি, গ্যাস সংকট ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে তাঁরা বিক্ষোভ মিছিলের আয়োজন করেছিলেন। এ সময় পুলিশ তাঁদের টেনেহিঁচড়ে থানায় নিয়ে যায় বলেও অভিযোগ করেন তিনি।
তবে থানার ওসি জাহিদুল হক বলেন, অনুমতি ছাড়া মিছিলের আয়োজন করায় বিশৃঙ্খলার আশঙ্কায় তাঁদের আটক করা হয়েছিল। পরে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
আইটি ল্যাব সলিউশন্স লি.