৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোট, লড়াইয়ে ফখরুল-অলি
রাষ্ট্রপতি নির্বাচনে নির্ধারিত সময়ের মধ্যে দুই প্রার্থীর কেউই প্রার্থিতা প্রত্যাহার করেননি। ফলে প্রায় ৩৫ বছর পর আগামী ২০ আগস্ট দেশে রাষ্ট্রপতি পদে সরাসরি ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে।
মঙ্গলবার বিকেল ৪টায় প্রার্থিতা প্রত্যাহারের সময়সীমা শেষ হয়। এরপর নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমেদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
আগামী ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের কক্ষে ভোটগ্রহণ হবে। ৩৪৯ জন সংসদ সদস্য ভোটার হিসেবে ভোট দেবেন। ভোট শেষে সংসদ কক্ষেই ব্যালট গণনা করে ফল ঘোষণা করা হবে এবং পরে গেজেট প্রকাশ করবে নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটের জন্য আজই ব্যালট পেপার প্রস্তুত করা হবে। সাদা কাগজে কালো ছাপার এই ব্যালটে দুই প্রার্থীর নাম থাকবে। ভোটাররা নির্ধারিত স্থানে স্বাক্ষর করে ব্যালট গ্রহণের পর পছন্দের প্রার্থীর পাশে স্বাক্ষর দিয়ে তা ব্যালট বাক্সে জমা দেবেন।
আইটি ল্যাব সলিউশন্স লি.