বক্স অফিসে ইমরান হাশমির রাজকীয় প্রত্যাবর্তন, ৩ দিনেই আয় ১১৪ কোটি
দীর্ঘদিনের মন্দা ও ব্যর্থতার পর বক্স অফিসে দারুণ সাফল্য নিয়ে ফিরেছেন বলিউড অভিনেতা ইমরান হাশমি। তাঁর নতুন সিনেমা ‘আওয়ারাপান ২’ মুক্তির মাত্র তিন দিনেই বিশ্বব্যাপী ১১৪ কোটি রুপি আয় করেছে। এটি ইমরান হাশমির ক্যারিয়ারে প্রথম তিন দিনে সর্বোচ্চ আয়ের রেকর্ড।
নিতিন কক্কর পরিচালিত সিনেমাটি রোববার পর্যন্ত ভারতের বাজারে আয় করেছে ৯৭ কোটি ৫০ লাখ রুপি। আন্তর্জাতিক বাজার থেকে এসেছে আরও ১৬ কোটি ৫০ লাখ রুপি। সব মিলিয়ে প্রথম সপ্তাহান্তেই ১১৪ কোটি রুপি আয় করেছে সিনেমাটি।
এর আগে ইমরান হাশমির প্রথম তিন দিনে সর্বোচ্চ আয়ের রেকর্ড ছিল ২০১৭ সালের সিনেমা ‘বাদশাহো’র, যার আয় ছিল ৪৩ কোটি ৩০ লাখ রুপি। ‘আওয়ারাপান ২’ সেই রেকর্ডকে অনেকটাই ছাড়িয়ে গেছে।
পুরোনো সিনেমার নস্টালজিয়ায় নতুন সাফল্য
২০০৭ সালে মুক্তি পাওয়া ‘আওয়ারাপান’ সিনেমার সিক্যুয়েল ‘আওয়ারাপান ২’। প্রথম সিনেমাটি বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য না পেলেও পরবর্তী সময়ে দর্শকদের মধ্যে এর জনপ্রিয়তা বাড়ে। সেই নস্টালজিয়াই নতুন সিনেমাটির প্রতি দর্শকদের আগ্রহ তৈরিতে বড় ভূমিকা রেখেছে।
সিক্যুয়েলে আবারও শিবম পণ্ডিত চরিত্রে পর্দায় ফিরেছেন ইমরান হাশমি। প্রথম সিনেমার শেষদিকে গুলিবিদ্ধ হয়েও বেঁচে যাওয়া শিবমকে ঘিরেই এগিয়েছে নতুন গল্প। প্রতিশোধ, আত্মত্যাগ ও ভালোবাসার দ্বন্দ্বই সিনেমাটির মূল উপজীব্য। এতে ইমরান হাশমির বিপরীতে অভিনয় করেছেন দিশা পাটানি।
২০০ কোটির ক্লাবে যাওয়ার সম্ভাবনা
অগ্রিম টিকিট বিক্রির প্রবণতাও সিনেমাটির জন্য ইতিবাচক ইঙ্গিত দিচ্ছে। ফলে চলতি সপ্তাহে বক্স অফিসে ‘আওয়ারাপান ২’-এর আধিপত্য বজায় থাকার সম্ভাবনা রয়েছে।
আগামী ২৬ আগস্ট কন্নড় তারকা ইয়াশ অভিনীত ‘টক্সিক’ মুক্তি পাওয়ার আগে সিনেমাটি সিঙ্গেল স্ক্রিনে ভালো ব্যবসা ধরে রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে। সেই ধারাবাহিকতা বজায় থাকলে ‘আওয়ারাপান ২’ সহজেই ২০০ কোটি রুপির ক্লাবে প্রবেশ করতে পারে বলে প্রত্যাশা করছেন বক্স অফিস বিশ্লেষকেরা।
আইটি ল্যাব সলিউশন্স লি.