কাঁচা মরিচ ও টমেটো আমদানিতে শুল্ক-কর কমাল সরকার

প্রকাশিত: ১৮ আগস্ট, ২০২৬ ১১:০২ (মঙ্গলবার)
কাঁচা মরিচ ও টমেটো আমদানিতে শুল্ক-কর কমাল সরকার

বাজারে কাঁচা মরিচ ও টমেটোর সরবরাহ স্বাভাবিক রাখা এবং দাম নিয়ন্ত্রণে রাখতে এসব পণ্য আমদানিতে শুল্ক-কর কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে কাঁচা মরিচ ও টমেটো আমদানিতে শুল্ক-কর অব্যাহতির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। রাতে মন্ত্রিপরিষদ বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখা এবং সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা সুরক্ষায় সরকার বিভিন্ন সময় প্রয়োজনীয় পদক্ষেপ নেয়। কাঁচা মরিচ ও টমেটো দেশে ব্যাপকভাবে ব্যবহৃত কৃষিপণ্য। তবে মৌসুমি উৎপাদন, প্রাকৃতিক দুর্যোগ, প্রতিকূল আবহাওয়া, সরবরাহে বিঘ্ন এবং উৎপাদন কমে যাওয়ার কারণে অনেক সময় এসব পণ্যের দাম বেড়ে যায়।

এতে সাধারণ ভোক্তাদের ওপর বাড়তি আর্থিক চাপ তৈরি হয়। তাই বাজারে সরবরাহ স্বাভাবিক রাখা ও দাম সহনীয় পর্যায়ে রাখতে নির্দিষ্ট সময়ের জন্য আমদানিতে শুল্ক-কর কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, কাঁচা মরিচ ও টমেটো আমদানিতে বর্তমানে থাকা ৬১ শতাংশ মোট করভার কমিয়ে প্রজ্ঞাপন জারির পর প্রথম মাসে ২০ দশমিক ৫০ শতাংশ এবং দ্বিতীয় মাসে ৩১ শতাংশ নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।

সরকারের আশা, আমদানি ব্যয় কমার ফলে বাজারে এসব পণ্যের সরবরাহ বাড়বে এবং ভোক্তাদের জন্য দাম তুলনামূলক সহনীয় থাকবে।

সম্পাদক ও প্রকাশক: মোতাহার হোসেন

মোবাইল: ০১৩৩২-৮৪৫৬৯৯

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.