গাজা পুরোপুরি দখল ও ইহুদি বসতি স্থাপনের আহ্বান ইসরায়েলি মন্ত্রীর

প্রকাশিত: ১৮ আগস্ট, ২০২৬ ১০:৫৬ (মঙ্গলবার)
গাজা পুরোপুরি দখল ও ইহুদি বসতি স্থাপনের আহ্বান ইসরায়েলি মন্ত্রীর

গাজা উপত্যকা পুরোপুরি দখল করে সেখানে সামরিক সরকার প্রতিষ্ঠা এবং ইহুদি বসতি স্থাপনের জন্য প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি আহ্বান জানিয়েছেন ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মতরিচ।

রোববার ইসরায়েলের সদেরোত শহরের একটি ধর্মীয় উচ্চশিক্ষাপ্রতিষ্ঠান সদেরোত ইয়েশিভার শিক্ষার্থীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে ইয়েশিভার প্রধান রাবি ডেভিড ফেন্ডেল ও সদেরোতের মেয়র আলোন দাভিদিও উপস্থিত ছিলেন।

নতুন শিক্ষাবর্ষের শুরু উপলক্ষে দেওয়া বক্তব্যে স্মতরিচ বলেন, ইসরায়েলের উচিত গাজার নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেওয়া। এ জন্য গাজা পুরোপুরি দখল করে সেখানে সামরিক সরকার প্রতিষ্ঠা এবং ইহুদি বসতি স্থাপন করা প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।

স্মতরিচের দাবি, ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করতে গাজায় ইহুদি বসতি থাকা জরুরি। তাঁর যুক্তি, যেসব এলাকায় ইসরায়েলি বসতি রয়েছে, সেখানে সেনাবাহিনী ও নিরাপত্তা ব্যবস্থা দীর্ঘমেয়াদে বজায় থাকে। অন্যদিকে বসতি না থাকলে ধীরে ধীরে সেখানে সেনাবাহিনীর উপস্থিতি ও নিরাপত্তা কমে যায়।

গাজার বাসিন্দাদের স্বেচ্ছায় উপত্যকা ছেড়ে চলে যাওয়ার বিষয়েও সমর্থন জানান স্মতরিচ। ইসরায়েলের ডানপন্থী রাজনৈতিক মহলে গাজাবাসীকে অন্যত্র চলে যাওয়ার উৎসাহ দেওয়ার প্রস্তাবটি সমর্থন পেয়ে আসছে।

এ সময় গাজা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনারও সমালোচনা করেন তিনি। ওই পরিকল্পনায় গাজার নিরাপত্তার দায়িত্ব পালনে একটি আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তাব রয়েছে।

স্মতরিচ বলেন, ইসরায়েলের হয়ে হামাসকে নিরস্ত্র করার জন্য অন্য কোনো দেশ নিজেদের সেনা পাঠাবে—এমনটা বাস্তবসম্মত নয়। তাঁর বক্তব্য, গাজা নিয়ে সিদ্ধান্ত ইসরায়েলকেই নিতে হবে।

বক্তব্যের শেষ দিকে নিজের অবস্থান সংক্ষেপে তুলে ধরে স্মতরিচ বলেন, ‘দখল, সামরিক সরকার, বসতি স্থাপন।’

হামলায় ক্ষতিগ্রস্ত সদেরোত

গাজা সীমান্ত থেকে প্রায় এক কিলোমিটার দূরে অবস্থিত সদেরোত শহরটি ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ওই হামলায় বেসামরিক নাগরিকদের পাশাপাশি পুলিশ ও সেনাসদস্যও নিহত হন।

হামলার পর শহরের অনেক বাসিন্দা অন্যত্র চলে গেলেও পরে তাঁদের অধিকাংশ সদেরোতে ফিরে আসেন। বর্তমানে শহরটির পুনর্গঠন কার্যক্রম চলছে।

সম্পাদক ও প্রকাশক: মোতাহার হোসেন

মোবাইল: ০১৩৩২-৮৪৫৬৯৯

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.