খাবারে খাসি না দেওয়ায় বিয়ে না করেই চলে গেলেন জাপানপ্রবাসী বর

প্রকাশিত: ১৮ আগস্ট, ২০২৬ ১০:৩৪ (মঙ্গলবার)
খাবারে খাসি না দেওয়ায় বিয়ে না করেই চলে গেলেন জাপানপ্রবাসী বর

বিয়ের অনুষ্ঠানে বরের জন্য নির্ধারিত খদরে খাসির মাংস না থাকায় ক্ষুব্ধ হয়ে বিয়ে না করেই কনের বাড়ি থেকে চলে গেছেন জাপানপ্রবাসী এক বর। সোমবার (১৭ আগস্ট) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের তোলাতালা গ্রামে এ ঘটনা ঘটে।

বরের নাম জুনায়েদ। তিনি কসবা উপজেলার নিয়ামতপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে এবং জাপানপ্রবাসী।

স্থানীয় সূত্রে জানা যায়, বিয়ের আনুষ্ঠানিকতায় অংশ নিতে কনের বাড়িতে পৌঁছালে ফুল দিয়ে জুনায়েদকে বরণ করা হয়। তবে এ সময় ফুলের আয়োজন নিয়ে তিনি অসন্তোষ প্রকাশ করেন এবং উপস্থিত লোকজনের সামনে বিরূপ মন্তব্য করেন বলে জানা গেছে। পরে গেট ও অন্যান্য আনুষ্ঠানিকতা শেষে তাঁকে নির্ধারিত স্থানে নেওয়া হয়।

আত্মীয়স্বজনদের খাওয়াদাওয়া শেষে বরপক্ষের জন্য আলাদাভাবে খদরে খাবার পরিবেশন করা হয়। খাবারে খাসির মাংস না থাকায় জুনায়েদ আপত্তি জানান। তিনি খাসি ছাড়া খাবেন না এবং খাসির ব্যবস্থা না করা হলে বিয়ের আনুষ্ঠানিকতাও করবেন না বলে জানান।

পরিস্থিতি স্বাভাবিক করতে কনেপক্ষের আত্মীয়স্বজনসহ উপস্থিত অনেকে তাঁকে বোঝানোর চেষ্টা করেন। কিন্তু নিজের সিদ্ধান্তে অনড় থাকেন জুনায়েদ। শেষ পর্যন্ত বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন না করেই একা কনের বাড়ি থেকে চলে যান তিনি।

কনের বাবা শফিক মিয়া বলেন, ‘আমাকে আগে জানানো হলে খদরে খাসির ব্যবস্থা করতাম। এ বিষয়ে আমাকে আগে কিছুই বলা হয়নি। এরপরও আত্মীয়স্বজনসহ সবাই ছেলেকে বোঝানোর চেষ্টা করেছি। কিন্তু তিনি কোনোভাবেই রাজি হননি।’

স্থানীয় ইউপি সদস্য আশিক মিয়া বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। মেয়ের বিয়েতে এমন ঘটনা কোনো মা-বাবাই চান না। তাঁর ভাষ্য, খাসির বিষয়টি নিয়ে বরকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করা হলেও তিনি খাসি ছাড়া বিয়ে করতে রাজি হননি।

সম্পাদক ও প্রকাশক: মোতাহার হোসেন

মোবাইল: ০১৩৩২-৮৪৫৬৯৯

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.