এ বছরই অবসর নিতে পারেন রোনালদো
এ বছরই অবসর নিতে পারেন রোনালদো
ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে অবসরের সময় নিয়ে বড় ইঙ্গিত দিয়েছেন পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো। তাঁর ভাষ্য, সম্ভবত ২০২৬ সালই হবে তাঁর পেশাদার ফুটবলের শেষ বছর।
২০২৭ সালের জুন পর্যন্ত সৌদি ক্লাব আল নাসরের সঙ্গে চুক্তি রয়েছে রোনালদোর। এর আগে তিনি আরও এক-দুই বছর খেলা চালিয়ে যাওয়ার ইচ্ছার কথা জানিয়েছিলেন। পাশাপাশি ২০২৬ বিশ্বকাপকেই নিজের শেষ বিশ্বকাপ হিসেবে নিশ্চিত করেছিলেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা।
তবে এবার অবসরের সম্ভাব্য সময় জানিয়ে দিলেন রোনালদো নিজেই। ভোগ ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘সম্ভবত এটাই আমার ফুটবলের শেষ বছর। আর আমি এমন একটি বর্ণাঢ্য উত্তরাধিকার রেখে যেতে চাই।’
ফুটবল ছাড়ার পরের জীবন নিয়েও পরিকল্পনা করে রেখেছেন রোনালদো। পরিবারের সঙ্গে বেশি সময় কাটানো, ভ্রমণ, প্যাডেল খেলা এবং দীর্ঘ ক্যারিয়ারে অর্জন করা সাফল্য উপভোগ করতে চান তিনি।
রোনালদো বলেন, ফুটবল ছেড়ে দিলে জীবনে বড় ধরনের শূন্যতা তৈরি হতে পারে। তাই অবসরের পর বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে সেই সময়টাকে উপভোগ করতে চান তিনি।
দীর্ঘ ২৫ বছরের ক্যারিয়ারে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে উল্লেখ করে রোনালদো বলেন, এখন সময় এসেছে সেই অর্জনগুলো উপভোগ করার।
স্পোর্টিং সিপি দিয়ে পেশাদার ক্যারিয়ার শুরু করা রোনালদো পরে ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাসের হয়ে খেলেছেন। ২০২৩ সালের জানুয়ারিতে যোগ দেন সৌদি ক্লাব আল নাসরে।
ক্যারিয়ারের সবচেয়ে সফল সময় কাটিয়েছেন রিয়াল মাদ্রিদে। স্প্যানিশ ক্লাবটির হয়ে ৪৩৮ ম্যাচে ৪৫০ গোল করেছেন তিনি।
২০২৬ বিশ্বকাপে পর্তুগালের হয়ে তিনটি গোল করলেও দলটির বিশ্বকাপযাত্রা শেষ হয়েছে শেষ ষোলোতেই। ফলে ফুটবল ক্যারিয়ারের শেষ অধ্যায় নিয়ে রোনালদোর এই ইঙ্গিত এখন ভক্তদের মধ্যে তৈরি করেছে বাড়তি আলোচনা।
আইটি ল্যাব সলিউশন্স লি.