লাখাইয়ে জমি বিরোধে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫
হবিগঞ্জের লাখাই উপজেলার তেঘরিয়া গ্রামে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। রোববার সকাল সাড়ে ৯টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তেঘরিয়া গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে সুমন মিয়া ও একই গ্রামের রফিক মিয়ার পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় রোববার সকালে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
প্রায় আধা ঘণ্টা ধরে চলা সংঘর্ষে দুই পক্ষের অন্তত ১৫ জন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়।
সংঘর্ষের খবর পেয়ে লাখাই থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। উভয় পক্ষকে আইনশৃঙ্খলা বজায় রেখে চলার পরামর্শ দেওয়া হয়েছে। এ ঘটনায় অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আইটি ল্যাব সলিউশন্স লি.