সিলেটে তিন খুনের ঘটনায় ব্যবহৃত ছুরি উদ্ধার

প্রকাশিত: ১৩ আগস্ট, ২০২৬ ১৬:৫৩ (শুক্রবার)
সিলেটে তিন খুনের ঘটনায় ব্যবহৃত ছুরি উদ্ধার

সিলেট নগরীর রায়নগর এলাকায় বৃদ্ধ দম্পতি ও তাঁদের গৃহকর্মীকে হত্যার ঘটনায় ব্যবহৃত ছুরি উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল থেকে অভিযান চালিয়ে বেলা ১১টার দিকে রায়নগর এলাকা থেকে ছুরিটি উদ্ধার করা হয়।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, এ ঘটনায় অভিযুক্ত বাবুল মিয়া (৪০) বুধবার বিকেল ৫টার দিকে রায়নগর রাজবাড়ী এলাকার আক্তার মিয়ার কলোনি থেকে গ্রেপ্তার হন। তিনি ওই কলোনির বাসিন্দা এবং মৃত নূর মিয়া কবিরাজের ছেলে।

গ্রেপ্তারের পর বাবুল মিয়া হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে দাবি করেছে পুলিশ। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধারে অভিযান চালানো হয়। বুধবার অভিযুক্তের দেখানো স্থানে তল্লাশি চালিয়েও ছুরিটি পাওয়া যায়নি। পরে বৃহস্পতিবার সকালে একই এলাকায় আবার অভিযান চালিয়ে ছুরিটি উদ্ধার করা হয়।

এর আগে বুধবার সকালে রায়নগর এলাকার একটি বাসা থেকে তিনজনের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন—বাড়ির মালিক আব্দুস সাত্তার (৯০), তাঁর স্ত্রী সুরাইয়া বেগম (৭৬) এবং তাঁদের গৃহকর্মী তাহমিনা বেগম (২৫)।

আব্দুস সাত্তার স্ত্রীকে নিয়ে রায়নগরের নিজ বাসায় বসবাস করতেন। তিনজনকে হত্যার ঘটনায় পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।

সম্পাদক ও প্রকাশক: মোতাহার হোসেন

মোবাইল: ০১৩৩২-৮৪৫৬৯৯

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.