শিক্ষার আলো ছড়াতে সুবিধাবঞ্চিত শিশুদের পাশে ইয়াং স্টার ক্লাব ক্রীড়া ও সমাজকল্যাণ সংস্থা

প্রকাশিত: ১৩ আগস্ট, ২০২৬ ১৬:৪৭ (শুক্রবার)
শিক্ষার আলো ছড়াতে সুবিধাবঞ্চিত শিশুদের পাশে ইয়াং স্টার ক্লাব ক্রীড়া ও সমাজকল্যাণ সংস্থা

সিলেট প্রতিনিধি: সুবিধাবঞ্চিত ও নিম্নআয়ের পরিবারের শিশুদের শিক্ষায় উৎসাহিত করতে সিলেটে স্কুল ড্রেস ও স্কুল ব্যাগ বিতরণ করেছে ইয়াং স্টার ক্লাব ক্রীড়া ও সমাজকল্যাণ সংস্থা। SRI TV-এর যৌথ উদ্যোগ এবং ACCESS Welfare Society-এর সহযোগিতায় LIGHT-Urban Slum School-এর শিক্ষার্থীদের মাঝে এসব শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (১৩ আগস্ট ২০২৬) পাঠানটুলার গোয়াবাড়ি LIGHT-Urban Slum School-এ  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইয়াং স্টার ক্লাব ক্রীড়া ও সমাজকল্যাণ সংস্থার আজীবন পৃষ্ঠপোষক উপদেষ্টা ইশতিয়াক আহমেদ সিদ্দিকী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি বিশ্ববিদ্যালয়ের সহযোগী রেজিস্ট্রার ফাতেহা শিরিন। এছাড়াও উপস্থিত ছিলেন ইয়াং স্টার ক্লাবের প্রচার সম্পাদক রাসেল আহমেদ, অর্থ সম্পাদক ফুজায়েল আহমদ, ক্রীড়া সম্পাদক কাওসার আহমেদ, সহ - ক্রীড়া সম্পাদক - রুমেল আহমেদ, সহ-সভাপতি রোকন আহমেদ, নির্বাহী সম্পাদক কামরুল ইসলামসহ সংগঠনের অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইশতিয়াক আহমেদ সিদ্দিকী বলেন, সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানো শুধু সামাজিক দায়িত্ব নয়, এটি আমাদের নৈতিক দায়িত্বও। এসব শিশুর অনেকের মধ্যেই অসাধারণ প্রতিভা রয়েছে। প্রয়োজন শুধু তাদের সঠিক সুযোগ ও সহযোগিতা দেওয়া। তিনি বলেন, ইয়াং স্টার ক্লাব ক্রীড়া ও সমাজকল্যাণ সংস্থা ভবিষ্যতেও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা, ক্রীড়া ও সামাজিক উন্নয়নে পাশে থাকার চেষ্টা করবে। সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদেরও এ ধরনের মানবিক উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথি ফাতেহা শিরিন বলেন, LIGHT-Urban Slum School-এর শিক্ষার্থীদের জন্য এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করতে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখা জরুরি। তিনি বলেন, তিনি আগের মতোই সবসময় এই স্কুলের পাশে থাকার চেষ্টা করবেন এবং ভবিষ্যতেও এ ধরনের ভালো উদ্যোগে সহযোগিতা করবেন। সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে সমাজের সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

স্কুলের প্রধান শিক্ষক বলেন, “আমরা ইয়াং স্টার ক্লাব ক্রীড়া ও সমাজকল্যাণ সংস্থার কাছে অত্যন্ত কৃতজ্ঞ। তারা যেভাবে আমাদের স্কুল ও শিক্ষার্থীদের পাশে এসে দাঁড়িয়েছেন, এতে শিক্ষার্থীরা যেমন উৎসাহিত হবে, তেমনি স্কুলের কার্যক্রমও আরও এগিয়ে যাবে। আজ যারা সুবিধাবঞ্চিত, তারাই একদিন সমাজ ও দেশের জন্য বড় কিছু করতে পারে। তাদের স্বপ্ন পূরণে এমন সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

ইয়াং স্টার ক্লাবের নির্বাহী সদস্য কামরুল ইসলাম বলেন, সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানোর এ উদ্যোগে SRI TV-এর কর্ণধর রুমেল আহমেদকে এবং সালাউদ্দিন আকন্দ পরানকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। উনারা যেভাবে আমাদের সঙ্গে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, তা সত্যিই প্রশংসনীয়। আল্লাহ যেন উনাদের এই সহযোগিতার হাত আরও প্রসারিত করেন এবং ভবিষ্যতেও উনারা এ ধরনের মানবিক কর্মকাণ্ডে পাশে থাকেন—এটাই আমাদের প্রত্যাশা।

আয়োজকরা জানান, সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার প্রতি আগ্রহ বাড়ানো এবং তাদের প্রয়োজনীয় শিক্ষা উপকরণ নিশ্চিত করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও পর্যায়ক্রমে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে ইয়াং স্টার ক্লাব ক্রীড়া ও সমাজকল্যাণ সংস্থার।

অনুষ্ঠানের শেষে LIGHT-Urban Slum School-এর শিক্ষার্থীদের হাতে স্কুল ড্রেস ও স্কুল ব্যাগ তুলে দেওয়া হয়। শিক্ষা উপকরণ পেয়ে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও উৎসাহ দেখা যায়।

সম্পাদক ও প্রকাশক: মোতাহার হোসেন

মোবাইল: ০১৩৩২-৮৪৫৬৯৯

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.