শিহাব নেই, তবু এলো জিপিএ-৫; আনন্দের দিনে পরিবারে নীরব কান্না

প্রকাশিত: ১১ আগস্ট, ২০২৬ ১১:০১ (মঙ্গলবার)
শিহাব নেই, তবু এলো জিপিএ-৫; আনন্দের দিনে পরিবারে নীরব কান্না

শিহাব নেই, তবু এলো জিপিএ-৫; আনন্দের দিনে পরিবারে নীরব কান্না

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এসএসসি পরীক্ষার্থী শিহাবের মৃত্যুর দুই দিন পর প্রকাশ হয়েছে তার পরীক্ষার ফল। সোমবার (১০ আগস্ট) প্রকাশিত ফলাফলে শিহাব পেয়েছে জিপিএ-৫। সন্তানের সাফল্যের এই দিনে পরিবারের আনন্দে মেতে ওঠার কথা থাকলেও একমাত্র ছেলেকে হারিয়ে শোকে কাতর স্বজনরা।

নিহত শিহাব ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের মানরা গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে। ঢাকার বিমানবন্দর উচ্চ বিদ্যালয় থেকে চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল সে।

পরিবার সূত্রে জানা গেছে, শিহাবের বাবা তোফাজ্জল হোসেন ঢাকায় গার্মেন্টস ব্যবসার সঙ্গে যুক্ত। দুই বোনের বড় ভাই শিহাব ছিলেন বাবা-মায়ের একমাত্র ছেলে। চাচা তাজুল ইসলামের বিয়েতে অংশ নিতে গত বৃহস্পতিবার পরিবারের সঙ্গে গ্রামের বাড়িতে আসে সে।

শনিবার দুপুরে গোসল শেষে বাড়ির ছাদে কাপড় শুকাতে যায় শিহাব। এ সময় বিয়ের অনুষ্ঠানের সাজসজ্জার জন্য টানানো রঙিন বাতির বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুতায়িত হয় সে। পরে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওই দিন সন্ধ্যায় গ্রামের বাড়িতেই শিহাবের দাফন সম্পন্ন হয়।

শিহাবের চাচা তাজুল ইসলাম বলেন, চাকরির কারণে শিহাবের পরিবার ঢাকায় বসবাস করত। চাচার বিয়েতে যোগ দিতে তারা গ্রামের বাড়িতে এসেছিল। শিহাব ছিল তার বাবা-মায়ের একমাত্র ছেলে। তার দুটি ছোট বোন রয়েছে।

সোমবার এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর জানা যায়, শিহাব জিপিএ-৫ পেয়েছে। সন্তানের এমন সাফল্যে পরিবারের সদস্যদের মধ্যে আনন্দের বদলে নেমে এসেছে শোকের আবহ।

শশীদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান রিয়াদ বলেন, চাচার বিয়েতে এসে শিহাবের বিদ্যুতায়িত হয়ে মৃত্যুর ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। এর মধ্যে এসএসসি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। শিহাব জিপিএ-৫ পেয়েছে। একমাত্র ছেলেকে হারিয়ে পরিবারটি এখন গভীর শোকে রয়েছে।

ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন্নি ইসলাম বলেন, ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরিবারের খোঁজখবর নেওয়া হয়েছে। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে পরিবারটির সঙ্গে যোগাযোগ রেখে তাঁদের সান্ত্বনা দেওয়ার জন্য বলা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: মোতাহার হোসেন

মোবাইল: ০১৩৩২-৮৪৫৬৯৯

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.