কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে নিহত তরুণের মরদেহ হস্তান্তর

প্রকাশিত: ১১ আগস্ট, ২০২৬ ১০:৫৩ (মঙ্গলবার)
কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে নিহত তরুণের মরদেহ হস্তান্তর

 

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি তরুণ মো. তারা মিয়ার (১৯) মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সোমবার সন্ধ্যায় কুলাউড়ার চাতলাপুর শুল্ক স্টেশন ও ইমিগ্রেশন চেকপোস্ট এলাকায় বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে ভারতীয় পুলিশ কুলাউড়া থানা-পুলিশের কাছে তারা মিয়ার মরদেহ হস্তান্তর করে। পরে নিহতের বড় ভাই রাজু মিয়া মরদেহটি গ্রহণ করেন।

তারা মিয়া কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের মুরইছড়া বস্তি এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার আব্দুল মালেকের ছেলে।

কুলাউড়া থানা-পুলিশ ও বিজিবি সূত্রে জানা গেছে, মরদেহ হস্তান্তরের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে সোমবার সন্ধ্যায় চাতলাপুর সীমান্তে দুই দেশের সংশ্লিষ্ট কর্মকর্তাদের মধ্যে পতাকা বৈঠক হয়।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না জানান, দুই দেশের মধ্যে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষ হওয়ার পর চাতলাপুর সীমান্ত দিয়ে ভারতীয় পুলিশ তারা মিয়ার মরদেহ বাংলাদেশি পুলিশের কাছে হস্তান্তর করে। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের সদস্যদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাতে তারা মিয়াসহ ৪ থেকে ৫ জন বাংলাদেশি যুবক অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। এ সময় বিএসএফের একটি টহল দল তাঁদের বাধা দেওয়ার চেষ্টা করলে সেখানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

একপর্যায়ে বিএসএফ সদস্যরা গুলি চালালে তারা মিয়া ঘটনাস্থলেই নিহত হন। পরে তাঁর মরদেহ ভারতীয় পুলিশের হেফাজতে ছিল।

সম্পাদক ও প্রকাশক: মোতাহার হোসেন

মোবাইল: ০১৩৩২-৮৪৫৬৯৯

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.