কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সদস্যদের গুলিতে তারা মিয়া (২০) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।
শনিবার (৮ আগস্ট) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের মুরইছড়া সীমান্তের ভারতের মাগুরুলী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত তারা মিয়া কুলাউড়া উপজেলার কর্মদা ইউনিয়নের মুরইছড়া গ্রামের বাসিন্দা আব্দুল মালেকের ছেলে।
বিজিবি সূত্রে জানা যায়, শনিবার রাতে তারা মিয়াসহ ৪ থেকে ৫ জন বাংলাদেশি যুবক অবৈধভাবে ভারতের ভূখণ্ডে প্রবেশ করেন। এ সময় বিএসএফের একটি টহল দল তাঁদের আটকানোর চেষ্টা করলে সেখানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। একপর্যায়ে বিএসএফ সদস্যরা গুলি চালালে ঘটনাস্থলেই তারা মিয়া নিহত হন।
গুলির পর তাঁর সঙ্গে থাকা অন্য যুবকেরা সেখান থেকে পালিয়ে বাংলাদেশে ফিরে আত্মগোপন করেন বলে জানা গেছে।
স্থানীয়দের দাবি, তারা মিয়াসহ কয়েকজন যুবক ভারতীয় ‘নাসিরপাতার’ বিড়ি সংগ্রহের উদ্দেশ্যে সীমান্তের প্রায় ৫০০ গজ ভেতরে মাগুরুলী এলাকায় প্রবেশ করেছিলেন।
বিজিবি-৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ জানান, গুলির শব্দ শোনার পর বিজিবির পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিএসএফের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হয়। পরে বিএসএফের পক্ষ থেকে গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
ঘটনাটি নিয়ে সীমান্ত এলাকায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে পরবর্তী কার্যক্রম নেওয়া হচ্ছে।
আইটি ল্যাব সলিউশন্স লি.