মাতারবাড়ীতে প্রধানমন্ত্রী তারেক রহমান, গভীর সমুদ্রবন্দরসহ উন্নয়ন প্রকল্প পরিদর্শন

প্রকাশিত: ০৯ আগস্ট, ২০২৬ ১৩:৩৭ (সোমবার)
মাতারবাড়ীতে প্রধানমন্ত্রী তারেক রহমান, গভীর সমুদ্রবন্দরসহ উন্নয়ন প্রকল্প পরিদর্শন

কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার বেলা ১১টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার মাতারবাড়ীতে অবতরণ করে।

মাতারবাড়ীতে পৌঁছে প্রধানমন্ত্রী গভীর সমুদ্রবন্দর, কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) কার্যক্রম পরিদর্শন করেন।

এর আগে সকাল ৯টা ১৫ মিনিটে তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারে মহেশখালীর উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। বিষয়টি নিশ্চিত করেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী, মহেশখালীর কর্মসূচি শেষে তিনি সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত বাঁশখালী ও হাটহাজারী এলাকায় যাবেন। সেখানে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের অংশ হিসেবে নতুন ঘর হস্তান্তর অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে।

সফরসূচি অনুযায়ী, বেলা সাড়ে ১২টায় মহেশখালীর বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী।

এরপর দুপুর ২টায় ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলম বাবুনগর মাদ্রাসায় আল্লাম শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। বিকেল সোয়া ৩টায় হাটহাজারীর আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসায় গিয়ে আল্লামা শাহ আহমদ শফীর কবর জিয়ারত করার কথা রয়েছে।

পরে বিকেল ৩টা ৪৫ মিনিটে হাটহাজারী ডাকবাংলোয় যাত্রাবিরতি করবেন প্রধানমন্ত্রী। যাত্রাবিরতি শেষে বিকেল ৫টায় হাটহাজারী সরকারি কলেজ মাঠে আয়োজিত বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।

দিনের শেষ কর্মসূচি হিসেবে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে চট্টগ্রামের রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ হোটেলের মিলনায়তনে আয়োজিত সাংগঠনিক সভায় অংশ নেবেন তারেক রহমান।

সব কর্মসূচি শেষে রাত সাড়ে ৯টায় চট্টগ্রামের হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

সম্পাদক ও প্রকাশক: মোতাহার হোসেন

মোবাইল: ০১৩৩২-৮৪৫৬৯৯

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.