বর্ষায় ঘর স্যাঁতসেঁতে হওয়া ঠেকাতে যা করবেন

প্রকাশিত: ০৯ আগস্ট, ২০২৬ ১১:০১ (সোমবার)
বর্ষায় ঘর স্যাঁতসেঁতে হওয়া ঠেকাতে যা করবেন

বর্ষা স্বস্তি নিয়ে এলেও অতিরিক্ত বৃষ্টি ও আর্দ্রতা ঘরের জন্য তৈরি করতে পারে নানা সমস্যা। স্যাঁতসেঁতে আবহাওয়ায় দেয়ালে ছত্রাক জমা, রং নষ্ট হওয়া, কাঠের আসবাব ফুলে ওঠা কিংবা ঘরের বিভিন্ন স্থানে দুর্গন্ধ তৈরি হতে পারে। দীর্ঘদিন এমন পরিবেশ থাকলে তা স্বাস্থ্যের জন্যও ক্ষতিকর হয়ে উঠতে পারে।

তাই বর্ষাকালে ঘর পরিষ্কার ও শুকনো রাখার পাশাপাশি কিছু বাড়তি সতর্কতা প্রয়োজন। জেনে নিন ঘর সুরক্ষিত রাখার কয়েকটি সহজ উপায়—

দেয়াল ও ছাদে ওয়াটারপ্রুফিং করুন

বর্ষার আগে ঘরের দেয়াল ও ছাদ ভালোভাবে পরীক্ষা করে দেখুন কোথাও ফাটল বা ছিদ্র রয়েছে কি না। এসব জায়গা দিয়ে বৃষ্টির পানি ঘরে ঢুকে দেয়াল স্যাঁতসেঁতে করে দিতে পারে। সমস্যা থাকলে দ্রুত মেরামত করে দেয়াল ও ছাদে ওয়াটারপ্রুফ কোটিং ব্যবহার করুন।

ড্রেন ও পানির পাইপ পরিষ্কার রাখুন

বৃষ্টির পানি জমে থাকলে মশাসহ বিভিন্ন জীবাণুবাহী পোকামাকড়ের উপদ্রব বাড়তে পারে। তাই নিয়মিত ড্রেন ও পানি নিষ্কাশনের পাইপ পরিষ্কার করুন। ঘরের ভেতর ও বাইরের পাইপে কোনো লিকেজ বা ফাটল আছে কি না, সেটিও পরীক্ষা করা জরুরি। পাইপ থেকে পানি চুইয়ে পড়লে ঘরের দেয়াল ও মেঝে দীর্ঘ সময় ভেজা থাকতে পারে।

দরজা-জানালার ফাঁক বন্ধ করুন

বৃষ্টির পানি ও ঠান্ডা বাতাস যাতে সহজে ঘরে ঢুকতে না পারে, সে জন্য দরজার নিচে রাবার গ্যাস্কেট ব্যবহার করতে পারেন। দরজা-জানালা ও দেয়ালের সংযোগস্থলে থাকা ফাঁক সিলিকন বা ফোম সিল্যান্ট দিয়ে বন্ধ করে দিন।

বৈদ্যুতিক সংযোগ পরীক্ষা করুন

বর্ষায় বিদ্যুৎসংক্রান্ত দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায়। তাই অভিজ্ঞ ইলেকট্রিশিয়ান দিয়ে ঘরের বৈদ্যুতিক তার, সুইচবোর্ড ও অন্যান্য সংযোগ পরীক্ষা করিয়ে নেওয়া ভালো। কোনো বৈদ্যুতিক সরঞ্জাম যেন পানির সংস্পর্শে না আসে, সেদিকে বিশেষ নজর দিন। রান্নাঘরের বৈদ্যুতিক যন্ত্র ব্যবহারের পর প্লাগ খুলে রাখুন।

আসবাব ও কাপড় শুকনো রাখুন

আর্দ্রতার কারণে আলমারি, ক্যাবিনেট ও ড্রয়ারে রাখা কাপড়, বই কিংবা বিছানার চাদরে স্যাঁতসেঁতে ভাব ও দুর্গন্ধ তৈরি হতে পারে। এসব জায়গায় সিলিকা জেল বা ময়শ্চার অ্যাবজরবার রাখা যেতে পারে।

কার্পেটও দ্রুত আর্দ্রতা শোষণ করে। তাই বর্ষাকালে সম্ভব হলে কার্পেট শুকনো জায়গায় রাখুন এবং নিয়মিত রোদে শুকানোর ব্যবস্থা করুন।

ঘরের আর্দ্রতা নিয়ন্ত্রণ করুন

বর্ষায় বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকে। ফলে ঘরের ভেতরেও আর্দ্রতা বেড়ে যায়। অতিরিক্ত আর্দ্রতা কমাতে ডিহিউমিডিফায়ার ব্যবহার করতে পারেন। পাশাপাশি সুযোগ পেলে জানালা খুলে ঘরে বাতাস চলাচলের ব্যবস্থা করুন।

ভারী পর্দার বদলে পাতলা পর্দা

বর্ষাকালে ঘরে পর্যাপ্ত আলো-বাতাস ঢোকার সুযোগ রাখা জরুরি। তাই সম্ভব হলে ভারী পর্দার বদলে পাতলা পর্দা ব্যবহার করুন। রোদ উঠলে জানালা খুলে দিয়ে ঘরে সূর্যের আলো প্রবেশ করতে দিন। এতে ঘরের স্যাঁতসেঁতে ভাব কিছুটা কমবে।

এ ছাড়া বিছানার চাদর, বালিশের কভার ও তোয়ালে নিয়মিত ধুয়ে ভালোভাবে শুকিয়ে ব্যবহার করুন।

ছত্রাক দেখা দিলে দ্রুত পরিষ্কার করুন

দেয়াল বা ঘরের কোনো অংশে ছত্রাক দেখা দিলে তা ফেলে না রেখে দ্রুত পরিষ্কার করুন। পরিষ্কার করার সময় উপযুক্ত গ্লাভস ও মাস্ক ব্যবহার করা ভালো। ছত্রাকের সমস্যা বেশি হলে বিশেষজ্ঞের সহায়তা নেওয়া উচিত।

বাইরের কাদা ও ময়লা যাতে ঘরে না ঢোকে, সে জন্য মূল দরজার বাইরে জুতার র‍্যাক বা নির্দিষ্ট জায়গা রাখতে পারেন।

কাঠের আসবাবের যত্ন নিন

আর্দ্র পরিবেশে কাঠ পানি শোষণ করে ফুলে উঠতে পারে। তাই কাঠের দরজা, মেঝে ও আসবাবে নিয়মিত মোম বা বার্নিশের প্রতিরক্ষামূলক প্রলেপ দেওয়া যেতে পারে।

কাঠের আসবাব ও চামড়ার সোফা জানালা বা দরজার একেবারে পাশে না রাখাই ভালো। এতে বৃষ্টির পানি ছিটকে আসবাব ভিজে যাওয়ার ঝুঁকি কমবে।

বর্ষায় ঘর শুকনো, পরিষ্কার ও বাতাস চলাচল উপযোগী রাখলেই অনেকটা কমানো যায় স্যাঁতসেঁতে ভাব, ছত্রাক ও আসবাব নষ্ট হওয়ার ঝুঁকি।

সম্পাদক ও প্রকাশক: মোতাহার হোসেন

মোবাইল: ০১৩৩২-৮৪৫৬৯৯

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.