সাত বছর পর ভাইয়ের সিনেমায় ফিরছেন তাসকিন রহমান

প্রকাশিত: ০৯ আগস্ট, ২০২৬ ১০:৫৭ (সোমবার)
সাত বছর পর ভাইয়ের সিনেমায় ফিরছেন তাসকিন রহমান

অভিনয়ের টানে অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরেছিলেন অভিনেতা তাসকিন রহমান। কিন্তু চোখের সমস্যার কারণে ২০২০ সালে আবারও অস্ট্রেলিয়ায় ফিরে যেতে হয় তাঁকে। এরপর দীর্ঘ সময় ধরে শোবিজ অঙ্গন থেকে অনেকটাই দূরে ছিলেন এই অভিনেতা। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁর উপস্থিতি ছিল সীমিত।

দীর্ঘ বিরতি শেষে এবার আবারও বড় পর্দায় ফিরছেন তাসকিন রহমান। ‘লিম্বো’ সিনেমায় বিশেষ একটি চরিত্রে অভিনয় করতে দেখা যেতে পারে তাঁকে। সিনেমাটি পরিচালনা করছেন তাঁর বড় ভাই তানিম রহমান অংশু।

তাসকিনের অভিনয়ে ফেরার বিষয়টি নিশ্চিত করে পরিচালক অংশু বলেন, ‘লিম্বো’ নিয়ে তাসকিনের সঙ্গে আলোচনা হয়েছে। সবকিছু ঠিক থাকলে সিনেমাটিতে বিশেষ একটি চরিত্রে অভিনয় করবেন তিনি। তবে বিষয়টি তাঁর শারীরিক অবস্থার ওপর নির্ভর করছে।

তাসকিনের বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে অংশু জানান, চোখের নার্ভজনিত জটিলতায় ভুগছেন এই অভিনেতা। বর্তমানে আগের তুলনায় তাঁর শারীরিক অবস্থা ভালো। তবে পুরোপুরি সুস্থ হতে আরও কিছুটা সময় লাগবে। এখনো চিকিৎসা চলছে তাঁর। এ কারণেই সিনেমায় তাঁকে বিশেষ একটি চরিত্রের জন্য বিবেচনা করা হয়েছে।

দীপংকর দীপনের ‘ঢাকা অ্যাটাক’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তাসকিন রহমানের। প্রথম সিনেমাতেই অভিনয় দিয়ে দর্শকদের নজর কাড়েন তিনি। এরপর একের পর এক সিনেমায় অভিনয়ের প্রস্তাব পান। বিশেষ করে নেতিবাচক চরিত্রে অভিনয়ের জন্য দ্রুতই নির্মাতাদের আস্থা অর্জন করেন এই অভিনেতা।

বড় পর্দায় তাসকিনকে সর্বশেষ দেখা গেছে সৈকত নাসির পরিচালিত ‘ক্যাসিনো’ সিনেমায়। ২০২৩ সালে মুক্তি পাওয়া সিনেমাটির শুটিং অবশ্য হয়েছিল আরও কয়েক বছর আগে।

এদিকে ‘লিম্বো’র মাধ্যমে প্রায় সাত বছর পর সিনেমা নির্মাণে ফিরছেন তানিম রহমান অংশু। নির্মাতার ভাষ্য, এটি বাংলাদেশের প্রথম স্পেস ড্রামা ও কসমিক রোমান্সধর্মী চলচ্চিত্র হতে যাচ্ছে।

এখন সিনেমাটির শিল্পী বাছাইয়ের কাজ চলছে। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের শেষ দিকে ‘লিম্বো’র শুটিং শুরু করার পরিকল্পনা রয়েছে নির্মাতার।

সম্পাদক ও প্রকাশক: মোতাহার হোসেন

মোবাইল: ০১৩৩২-৮৪৫৬৯৯

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.