রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত
রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় সংসদের বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ লক্ষ্যে আগামীকাল রোববার ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের বৈঠক ডাকা হয়েছে। ওই বৈঠকেই বিরোধী দলের রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত করা হবে।
শনিবার সন্ধ্যায় রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে দলের নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত হয় বলে দলটির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘নির্বাহী পরিষদের বৈঠকে আসন্ন রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনার পর সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয় যে, বাংলাদেশ জামায়াতে ইসলামী রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করবে।’
এতে আরও বলা হয়, রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী দলের প্রার্থী দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামীকাল ১১ দলীয় ঐক্যের শীর্ষ বৈঠক আহ্বান করা হয়েছে। ওই বৈঠকেই প্রার্থী চূড়ান্ত করা হবে।
জামায়াতের বিজ্ঞপ্তি অনুযায়ী, নির্বাহী পরিষদের বৈঠকে দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি, সংবিধান সংস্কার এবং ১১ দলীয় ঐক্য ঘোষিত বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি নিয়েও আলোচনা হয়েছে।
আইটি ল্যাব সলিউশন্স লি.