শেখ হাসিনাকে সহযোগিতার অভিযোগ, ভারতীয় হাইকমিশন তলবের দাবি নাহিদ ইসলামের

প্রকাশিত: ০৮ আগস্ট, ২০২৬ ১২:১৮ (রবিবার)
শেখ হাসিনাকে সহযোগিতার অভিযোগ, ভারতীয় হাইকমিশন তলবের দাবি নাহিদ ইসলামের

 

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সহযোগিতার অভিযোগে ভারতীয় হাইকমিশনকে তলব করে সরকারের পক্ষ থেকে কঠোর প্রতিবাদ জানানো উচিত ছিল বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

শুক্রবার রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের সরকারি বাসভবনে ‘জুলাই এখনো শেষ হয় নাই’ শীর্ষক চিত্র প্রদর্শনী পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনার বক্তব্য প্রচারের বিষয়ে সরকারের ভূমিকার সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় শুধু প্রেস রিলিজ দিয়ে নিজেদের কার্যক্রম তুলে ধরছে। কিন্তু বাস্তবে কার্যকর কোনো কূটনৈতিক পদক্ষেপ দেখা যাচ্ছে না।

তিনি বলেন, শেখ হাসিনা প্রকাশ্যে বিভিন্ন বক্তব্য ও ঘোষণা দিচ্ছেন এবং ভারত সরকার তাঁকে সহযোগিতা করছে। এমন পরিস্থিতিতে ভারতীয় হাইকমিশনকে তলব করে কঠোর প্রতিবাদ জানানো এবং ভবিষ্যতে কী ধরনের কূটনৈতিক পদক্ষেপ নেওয়া হবে, তা জনগণের সামনে স্পষ্ট করা সরকারের দায়িত্ব ছিল।

নাহিদ ইসলামের অভিযোগ, ফ্যাসিবাদবিরোধী অবস্থান, বিচার ও রাষ্ট্র সংস্কারের প্রশ্নে সরকার আপসের পথে হাঁটছে। সরকার কার্যকর ব্যবস্থা না নিলে জনগণ এবং জুলাই গণ-অভ্যুত্থানের সঙ্গে যুক্ত রাজনৈতিক ও সামাজিক শক্তিগুলো ঐক্যবদ্ধভাবে পতিত স্বৈরাচারী শক্তিকে প্রতিরোধ করবে বলেও তিনি মন্তব্য করেন।

‘জুলাই এখনো শেষ হয়নি’

চিত্র প্রদর্শনী পরিদর্শনকালে নাহিদ ইসলাম বলেন, ‘সত্যিকার অর্থে জুলাই শেষ হয়নি।’ তাঁর দাবি, স্বৈরাচার, ফ্যাসিবাদ ও আধিপত্যবাদী শক্তি জুলাই গণ-অভ্যুত্থানকে ঘিরে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।

তিনি বলেন, জুলাইয়ের প্রত্যাশা ছিল রাষ্ট্র সংস্কার এবং গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে থাকা বিষয়গুলোর বাস্তবায়ন। কিন্তু সেগুলো এখনো বাস্তবায়িত হয়নি। রাষ্ট্র সংস্কারের জন্য তাদের লড়াই অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

বর্তমান সরকারের বিরুদ্ধে বিভিন্ন ক্ষেত্রে দলীয়করণের অভিযোগ তুলে নাহিদ ইসলাম বলেন, সরকার গণভোটের রায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। স্থানীয় সরকারসহ বিভিন্ন ক্ষেত্রে দলীয়করণ করা হচ্ছে এবং একটি অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার প্রত্যাশাও পূরণ হয়নি।

জুলাই গণ-অভ্যুত্থানের কর্মসূচিতে আন্দোলনের সমন্বয়কদের যথাযথ মূল্যায়ন করা হচ্ছে না এবং কোথাও কোথাও কর্মসূচি পালনে বাধা দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

ক্যাম্পাসে ছাত্রশিবির ও ছাত্রশক্তির নেতাদের ওপর হামলার অভিযোগ তুলে নাহিদ বলেন, প্রশাসনের দায়িত্বশীল ব্যক্তিদেরও অনেক ক্ষেত্রে নিরপেক্ষ ভূমিকা দেখা যাচ্ছে না। রাষ্ট্রের কাঠামোগত পরিবর্তন না হলে যেকোনো সরকারই স্বৈরাচারী হয়ে উঠতে পারে বলে মন্তব্য করেন তিনি।

 

অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার যে ধারাবাহিক সংগ্রাম শুরু হয়েছে, কোনো ষড়যন্ত্র বা আধিপত্যবাদী শক্তির অপচেষ্টায় তা থামতে দেওয়া যাবে না।

তিনি বলেন, কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে হলে সামনের সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে।

এদিন নাহিদ ইসলামের সঙ্গে চিত্র প্রদর্শনী পরিদর্শনে ছিলেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা আলম মিতু ও যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনসহ দলটির নেতারা। তাঁদের অভ্যর্থনা জানান জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

সম্পাদক ও প্রকাশক: মোতাহার হোসেন

মোবাইল: ০১৩৩২-৮৪৫৬৯৯

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.