প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা, হারমোনিয়াম উপহার পেল অনুশ্রী

প্রকাশিত: ০৭ আগস্ট, ২০২৬ ১৩:৩৬ (শনিবার)
প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা, হারমোনিয়াম উপহার পেল অনুশ্রী

রংপুরের গঙ্গাচড়া উপজেলার ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রী রায়ের একটি চিঠিই বদলে দিয়েছে তার জীবনের এক বড় স্বপ্ন। সংগীতচর্চার জন্য হারমোনিয়ামের আবেদন জানিয়ে প্রধানমন্ত্রীর কাছে লেখা সেই চিঠির পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের সুযোগ পায় অনুশ্রী। সাক্ষাতে প্রধানমন্ত্রী তাকে একটি হারমোনিয়াম উপহার দেন।

অনুশ্রী রায় পূর্ব নবনিদাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রতিযোগিতায় সে দেশের গানে প্রথম এবং নজরুলসংগীতে তৃতীয় স্থান অর্জন করে।

বৃহস্পতিবার দুপুরে মা-বাবাকে সঙ্গে নিয়ে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে অনুশ্রী। সেখানে প্রধানমন্ত্রী তার সংগীতচর্চার বিষয়ে খোঁজখবর নেন, নিয়মিত অনুশীলন চালিয়ে যাওয়ার পরামর্শ দেন এবং তার হাতে একটি নতুন হারমোনিয়াম তুলে দেন।

জানা যায়, গত ১৫ জুলাই বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রদান অনুষ্ঠানে অংশ নেওয়ার সময় অনুশ্রী প্রধানমন্ত্রীর উদ্দেশে একটি চিঠি লিখেছিল। প্রধানমন্ত্রীর এক কর্মকর্তার মাধ্যমে পাঠানো ওই চিঠিতে সে সংগীতের প্রতি নিজের ভালোবাসার কথা জানায় এবং আর্থিক সীমাবদ্ধতার কারণে একটি হারমোনিয়াম কিনতে না পারার বিষয়টি তুলে ধরে। পাশাপাশি একবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার ইচ্ছাও প্রকাশ করে। পরে চিঠিটি পড়ে প্রধানমন্ত্রী অনুশ্রী ও তার পরিবারকে সাক্ষাতের আমন্ত্রণ জানান।

সাক্ষাতের অনুভূতি জানিয়ে অনুশ্রী বলে, সে কখনো ভাবেনি তার লেখা চিঠি প্রধানমন্ত্রীর হাতে পৌঁছাবে বা তিনি সেটি পড়বেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আমন্ত্রণ পাওয়ার খবর প্রথমে তার কাছে অবিশ্বাস্য মনে হয়েছিল।

অনুশ্রী জানায়, পরিবারের আর্থিক অসচ্ছলতার কারণে এতদিন হারমোনিয়াম কেনা সম্ভব হয়নি। তাই সংগীতচর্চার স্বপ্ন পূরণের আশায় সে প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছিল। সাক্ষাতের সময় সে প্রধানমন্ত্রীকে একটি দেশাত্মবোধক গানও শোনায়।

অনুশ্রীর বাবা বলেন, প্রধানমন্ত্রীর কাছ থেকে এমন আন্তরিক সাড়া ও উৎসাহ পাওয়ার কথা তারা কখনো কল্পনাও করেননি। তাঁর মানবিক উদ্যোগের কথা জেনেই মেয়ের মনে চিঠি লেখার সাহস এসেছিল বলে জানান তিনি।

এদিকে অনুশ্রীকে হারমোনিয়াম উপহার দেওয়ার মুহূর্ত এবং প্রধানমন্ত্রীর সঙ্গে তার সাক্ষাতের ভিডিও প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করেছেন। ভিডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই অনুশ্রীর সাফল্যের প্রশংসা করার পাশাপাশি তার সংগীতচর্চায় প্রধানমন্ত্রীর উৎসাহকে ইতিবাচক উদ্যোগ হিসেবে উল্লেখ করেছেন।

সম্পাদক ও প্রকাশক: মোতাহার হোসেন

মোবাইল: ০১৩৩২-৮৪৫৬৯৯

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.