হঠাৎ কেন রিপাবলিক বাংলা ছাড়লেন ময়ূখ রঞ্জন ঘোষ

প্রকাশিত: ০৭ আগস্ট, ২০২৬ ১৩:৩৩ (শনিবার)
হঠাৎ কেন রিপাবলিক বাংলা ছাড়লেন ময়ূখ রঞ্জন ঘোষ

ভারতীয় সংবাদমাধ্যম রিপাবলিক বাংলা থেকে সরে দাঁড়িয়েছেন আলোচিত ও বিতর্কিত টেলিভিশন উপস্থাপক ময়ূখ রঞ্জন ঘোষ। কয়েকদিন ধরে তাঁর ভবিষ্যৎ কর্মস্থল নিয়ে চলা জল্পনার অবসান ঘটিয়ে তিনি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন।

গত বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি জানান, রিপাবলিক বাংলায় তাঁর শেষ কর্মদিবস ছিল সেদিন সকালেই। তবে কেন তিনি প্রতিষ্ঠানটি ছেড়েছেন বা পরবর্তী সময়ে কোথায় কাজ করবেন, সে বিষয়ে কোনো নির্দিষ্ট তথ্য দেননি। একইভাবে রিপাবলিক বাংলার পক্ষ থেকেও এ নিয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি।

ফেসবুক পোস্টে ময়ূখ রঞ্জন ঘোষ দাবি করেন, এটি তাৎক্ষণিক সিদ্ধান্ত নয়; বেশ কিছুদিন ধরেই তিনি পদত্যাগের বিষয়টি ভেবে আসছিলেন। নিজের সাংবাদিকতা ও কাজের লক্ষ্য প্রসঙ্গে তিনি লেখেন, তাঁর ভূমিকা হলো জনগণের কাছে তথ্য পৌঁছে দেওয়া এবং দেশবিরোধী বলে মনে হওয়া বিভিন্ন বয়ান মোকাবিলা করা।

টেলিভিশনের প্রচলিত কাঠামোর বাইরে বিকল্প মাধ্যমে কাজ করারও ইঙ্গিত দেন তিনি। এক পোস্টে তিনি প্রশ্ন তোলেন, দর্শকদের কেন নির্দিষ্ট সময় পর্যন্ত টেলিভিশনের সামনে অপেক্ষা করতে হবে বা পরদিন সংবাদপত্রের জন্য অপেক্ষা করতে হবে। তিনি জানান, শিগগিরই এ বিষয়ে আরও বিস্তারিত জানাবেন।

নিজের জনপ্রিয়তা ও সমালোচনা প্রসঙ্গে তিনি বলেন, তাঁর সংবাদ উপস্থাপনা বরাবরই দর্শকদের মধ্যে বিভক্ত প্রতিক্রিয়া তৈরি করেছে। একদিকে যেমন তিনি সমর্থন পেয়েছেন, অন্যদিকে তীব্র সমালোচনারও মুখোমুখি হয়েছেন।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া কয়েকটি পোস্টেও তিনি দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতি নিয়ে ব্যক্তিগত মতামত প্রকাশ করেছেন। একটি পোস্টে তিনি ২০২৪ সালের আগস্টে বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনকে একটি ‘সুপরিকল্পিত ডিপ-স্টেট অপারেশন’ হিসেবে অভিহিত করেন এবং বছরের শেষ নাগাদ এ অঞ্চলের ভূ-রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনার কথাও উল্লেখ করেন।

পরবর্তী পরিকল্পনার আভাস দিয়ে তিনি লেখেন, ‘কলকাতা থেকে কারাকাস, ঢাকা থেকে দামাস্কাস—নজর রাখুন।’ তাঁর এই বক্তব্যের পর অনেকেই ধারণা করছেন, তিনি হয়তো নিজস্ব কোনো ডিজিটাল বা ইউটিউবভিত্তিক সংবাদ প্ল্যাটফর্ম চালু করতে পারেন। তবে এ বিষয়ে তিনি আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি।

বাংলা টেলিভিশন সাংবাদিকতায় ময়ূখ রঞ্জন ঘোষ তাঁর আক্রমণাত্মক উপস্থাপনা ও সরাসরি প্রতিবেদনের জন্য পরিচিত। কলকাতার আরজি কর হাসপাতালকাণ্ড, পশ্চিমবঙ্গের রাজনৈতিক সহিংসতা, মুর্শিদাবাদের পরিস্থিতি এবং বাংলাদেশের রাজনৈতিক ঘটনাপ্রবাহ নিয়ে তাঁর প্রতিবেদন ব্যাপক আলোচনার জন্ম দেয়।

অন্যদিকে, তাঁর বিরুদ্ধে সংবাদ উপস্থাপনায় নিরপেক্ষতার ঘাটতি এবং রাজনৈতিক অবস্থানকে বেশি গুরুত্ব দেওয়ার অভিযোগও রয়েছে। বিশেষ করে ২০২৪ সালে বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের পর তাঁর কয়েকটি প্রতিবেদন সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনা ও ট্রলের মুখে পড়ে।

গণমাধ্যম-সংশ্লিষ্ট সূত্রের দাবি, পদত্যাগের পর তিনি অফিসের ই-মেইল ব্যবহার বন্ধ করেছেন এবং বিভিন্ন অভ্যন্তরীণ যোগাযোগ মাধ্যম থেকেও নিজেকে সরিয়ে নিয়েছেন। এ বিষয়ে তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোনো মন্তব্য করেননি। রিপাবলিক বাংলা কর্তৃপক্ষও এখন পর্যন্ত নীরব রয়েছে।

ফলে এখন প্রশ্ন উঠেছে—তিনি কি অন্য কোনো টেলিভিশন চ্যানেলে যোগ দেবেন, নাকি সম্পূর্ণ স্বাধীন ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে নতুন যাত্রা শুরু করবেন? এর উত্তর জানতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।

সম্পাদক ও প্রকাশক: মোতাহার হোসেন

মোবাইল: ০১৩৩২-৮৪৫৬৯৯

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.