ভোরে সিলেট ও বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত অন্তত ১৫
শুক্রবার (৭ আগস্ট) সকালে সিলেট ও বগুড়ায় পৃথক দুটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এর মধ্যে সিলেটের ওসমানীনগরে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে আটজন এবং বগুড়ার শাজাহানপুরে নিয়ন্ত্রণ হারানো একটি বাস শ্রমবাজারে উঠে গেলে সাতজন প্রাণ হারান। দুই ঘটনায় আহত হয়েছেন অর্ধশতাধিক মানুষ।
সিলেটে বাসের মুখোমুখি সংঘর্ষ
সিলেটের ওসমানীনগর উপজেলার দয়ামীর এলাকায় ঢাকা থেকে সিলেটগামী বেঙ্গল পরিবহনের একটি বাস এবং সিলেট থেকে ঢাকাগামী ইউনিক পরিবহনের আরেকটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর ইউনিক বাসটি রাস্তার পাশের খাদে পড়ে যায়, আর বেঙ্গল বাসটি সড়কের ওপরই আটকে থাকে।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, এ দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। আহত প্রায় ২৫ জনকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বগুড়ায় শ্রমবাজারে বাস উঠে সাতজন নিহত
অন্যদিকে, বগুড়ার শাজাহানপুর উপজেলার এরুলিয়া সিল্কিবান্ধা এলাকায় ঢাকা থেকে নওগাঁগামী শাহ ফতেহ আলী পরিবহনের একটি এসি বাস নিয়ন্ত্রণ হারিয়ে শ্রমবাজারে ঢুকে পড়ে। ভোর সাড়ে ৫টার দিকে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় বাসটি প্রথমে একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দিয়ে পরে উল্টে গিয়ে কাজের অপেক্ষায় থাকা দিনমজুর ও কৃষিশ্রমিকদের ওপর উঠে যায়।
ঘটনাস্থলেই তিনজন নিহত হন। পরে আহতদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আরও চারজনের মৃত্যু হয়। এতে মোট নিহতের সংখ্যা দাঁড়ায় সাতজনে। আহত হয়েছেন আরও ১৫ থেকে ২০ জন।
বগুড়া সদর থানার ওসি ইব্রাহিম আলী জানান, দুর্ঘটনার পর বাসের চালক ও হেলপার পালিয়ে গেলেও বাসটি জব্দ করা হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার কারণে কিছু সময় মহাসড়কে যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
আইটি ল্যাব সলিউশন্স লি.