বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে নতুন দায়িত্ব পেলেন যাঁরা

প্রকাশিত: ০৬ আগস্ট, ২০২৬ ১৯:২২ (শুক্রবার)
বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে নতুন দায়িত্ব পেলেন যাঁরা

বাংলাদেশ চলচ্চিত্রের সার্টিফিকেশন কার্যক্রমকে আরও গতিশীল, স্বচ্ছ ও সমন্বিত করতে নতুন করে ১৫ সদস্যের বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড গঠন করেছে সরকার। এ সংক্রান্ত প্রজ্ঞাপন গত ২৯ জুলাই জারি করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

উপসচিব মোহাম্মদ আসলাম মোল্লার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, নতুন বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব। সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান।

বোর্ডে সদস্য হিসেবে রাখা হয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (চলচ্চিত্র), আইন ও বিচার বিভাগের একজন প্রতিনিধি, প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইংয়ের একজন প্রতিনিধি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি এবং বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ব্যবস্থাপনা পরিচালককে।

এ ছাড়া বোর্ডে অন্তর্ভুক্ত হয়েছেন চলচ্চিত্র গবেষক ও বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) সাবেক সভাপতি আবদুর রহমান, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি শাহীন সুমন, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা শানু, বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি আওলাদ হোসেন, অভিনেত্রী কাজী নওশাবা, গীতিকার-সুরকার প্রিন্স মাহমুদ এবং সংগীতশিল্পী দিঠি আনোয়ার।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইন, ২০২৩-এর সংশ্লিষ্ট ধারার ক্ষমতাবলে এ বোর্ড পুনর্গঠন করা হয়েছে। একই সঙ্গে ২০২৬ সালের ৫ ফেব্রুয়ারি গঠিত আগের বোর্ড বাতিল করে নতুন বোর্ডের আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: মোতাহার হোসেন

মোবাইল: ০১৩৩২-৮৪৫৬৯৯

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.