১৭ বছরের জবাবদিহিহীন শাসনের কারণেই লোডশেডিংয়ের সংকট: বাণিজ্যমন্ত্রী

প্রকাশিত: ০৬ আগস্ট, ২০২৬ ১২:৪৪ (শুক্রবার)
১৭ বছরের জবাবদিহিহীন শাসনের কারণেই লোডশেডিংয়ের সংকট: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, দেশে বিদ্যুতের সাময়িক লোডশেডিং দীর্ঘদিনের অব্যবস্থাপনার ফল। তাঁর ভাষ্য, গত ১৭ বছরের জবাবদিহিহীন শাসনের কারণেই বিদ্যুৎ ও জ্বালানি খাতে বর্তমান সংকট তৈরি হয়েছে।

বুধবার দুপুরে সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজিত আলোচনা সভা, শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, দুই-এক দিন পরপর কয়েক ঘণ্টার লোডশেডিংয়ে যেমন সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ছেন, তেমনি সরকারও এ পরিস্থিতিতে উদ্বিগ্ন। তাঁর দাবি, দেশের জ্বালানি অবকাঠামো পরিকল্পিতভাবে দুর্বল রেখে যাওয়ায় বর্তমান সরকার নানা সীমাবদ্ধতার মধ্যে কাজ করছে।

তিনি জানান, বাংলাদেশের জ্বালানি চাহিদার একটি বড় অংশ আমদানিকৃত তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) ওপর নির্ভরশীল। তবে শুধু অর্থ থাকলেই গ্যাস আমদানি সম্ভব নয়; এলএনজি সংরক্ষণ ও গ্যাসে রূপান্তরের জন্য প্রয়োজনীয় অবকাঠামোও থাকতে হয়। অতীতে এ ধরনের পর্যাপ্ত সংরক্ষণ ও অবকাঠামো গড়ে তোলা হয়নি বলেই বর্তমান সংকট আরও প্রকট হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

সিলেটের কর্মসংস্থান প্রসঙ্গে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, জেলার বিদ্যমান দুটি বিসিক শিল্পনগরীর মোট আয়তন প্রায় ৩০ একর। চলতি বছরই ১৮৭ একর জায়গাজুড়ে নতুন একটি বিসিক শিল্পনগরী প্রতিষ্ঠার কাজ শুরু হবে বলে আশা প্রকাশ করেন তিনি। তাঁর মতে, নতুন শিল্পনগরী চালু হলে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশের পাশাপাশি এ অঞ্চলে উল্লেখযোগ্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

প্রযুক্তি খাত নিয়েও সরকারের পরিকল্পনার কথা তুলে ধরে মন্ত্রী বলেন, সিলেটে একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) লার্নিং সেন্টার স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ প্রকল্প বাস্তবায়নে বিদেশি অংশীদারের সহযোগিতা এবং সিলেট হাইটেক পার্কের অবকাঠামো ব্যবহার করা হবে। তিনি বলেন, এ কেন্দ্রের মাধ্যমে তরুণ-তরুণীদের আধুনিক প্রযুক্তি ও ফ্রিল্যান্সিং বিষয়ে প্রশিক্ষণ দিয়ে বৈশ্বিক কর্মবাজারে আরও দক্ষ জনশক্তি তৈরি করা হবে।

সভায় সভাপতিত্ব করেন সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন। অনুষ্ঠানে জুলাই গণ-অভ্যুত্থানে নিহত ১৪ শহীদের পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আর্থিক অনুদান প্রদান করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালিক, সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীমসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা

সম্পাদক ও প্রকাশক: মোতাহার হোসেন

মোবাইল: ০১৩৩২-৮৪৫৬৯৯

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.