শৃগালের হাতে মুরগি তুলে দিয়েছি’—আক্ষেপ রেজাউল করীমের
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ রেজাউল করীম বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থানে মানুষের আত্মত্যাগ ও রক্তের বিনিময়ে যে পরিবর্তনের প্রত্যাশা তৈরি হয়েছিল, তা এখনো বাস্তবায়িত হয়নি। তাঁর ভাষায়, ভুল সিদ্ধান্তের কারণে সেই লক্ষ্য অর্জন সম্ভব হয়নি। তিনি বলেন, ‘আমরা এমন ভুল করেছি, যেন শৃগালের হাতে মুরগি তুলে দিয়েছি।’
বুধবার রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর ফটকে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সৈয়দ রেজাউল করীম বলেন, বহু মানুষ জীবন দিয়েছেন, অনেকে আহত ও পঙ্গুত্ব বরণ করেছেন, অসংখ্য পরিবার প্রিয়জন হারিয়েছে। এসব আত্মত্যাগ জাতির ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তবে যে আদর্শ ও উদ্দেশ্য সামনে রেখে আন্দোলন হয়েছিল, তা পূরণ হয়নি বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, মানুষের তৈরি রাজনৈতিক ব্যবস্থা দিয়ে জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন সম্ভব নয়। তাঁর দাবি, বৈষম্য দূর করা, নারীর নিরাপত্তা নিশ্চিত করা এবং সংখ্যালঘুদের অধিকার রক্ষাসহ রাষ্ট্রের বিভিন্ন সমস্যার কার্যকর সমাধান ইসলামের নীতিমালার মধ্যেই রয়েছে।
চরমোনাই পীরের ভাষ্য, জুলাই-পরবর্তী সময়ে ইসলামের ভিত্তিতে একটি জাতীয় সমঝোতার উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু ক্ষমতার রাজনীতিকে অগ্রাধিকার দিয়ে কিছু মহল সেই উদ্যোগ থেকে সরে আসে। এতে দেশে ইসলামী আদর্শভিত্তিক রাষ্ট্র গঠনের সম্ভাবনার পাশাপাশি জুলাই গণ-অভ্যুত্থানের প্রত্যাশাও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তিনি দাবি করেন।
সমাবেশে দলের মহাসচিব গাজী আতাউর রহমান বলেন, গুমের তদন্তের দায়িত্ব পুলিশের হাতে দেওয়ার সিদ্ধান্ত জুলাইয়ের চেতনার পরিপন্থী। তাঁর অভিযোগ, অতীতে গুমের ঘটনায় পুলিশের কিছু সদস্যের সম্পৃক্ততার অভিযোগ ছিল। তিনি আরও বলেন, জনগণ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর স্বাধীনভাবে কাজ করার প্রত্যাশা করলেও বর্তমান সরকার সেই প্রত্যাশা পূরণ করতে পারেনি।
সমাবেশে আরও বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, আশরাফ আলী আকন এবং অধ্যাপক মাহবুবুর রহমানসহ দলের অন্যান্য নেতারা।
আইটি ল্যাব সলিউশন্স লি.