রাষ্ট্রীয় অনুষ্ঠানে হট্টগোল-বিশৃঙ্খলায় ‘দুঃখিত-লজ্জিত’ রাষ্ট্রপতি

প্রকাশিত: ০৫ আগস্ট, ২০২৬ ১৮:০৫ (বৃহস্পতিবার)
রাষ্ট্রীয় অনুষ্ঠানে হট্টগোল-বিশৃঙ্খলায় ‘দুঃখিত-লজ্জিত’ রাষ্ট্রপতি

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শনের পর সেটিতে প্রথম শহীদ আবু সাঈদ এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছবি না থাকার অভিযোগ ওঠে। এ নিয়ে জুলাই আন্দোলনে আহত ব্যক্তি, শহীদ পরিবারের সদস্য এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের একাংশ অসন্তোষ প্রকাশ করেন। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং এনসিপির কয়েকজন নেতা-কর্মী অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।

ঘটনার পর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বলেন, প্রামাণ্যচিত্রে ভুল-ত্রুটি থাকতে পারে এবং সংশ্লিষ্ট মন্ত্রী ইতোমধ্যে বিষয়টি স্বীকার করে একাধিকবার দুঃখ প্রকাশ করেছেন। তাঁর ভাষায়, আবু সাঈদ জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম প্রতীক; তাঁর ছবি না থাকলে প্রামাণ্যচিত্রটি অসম্পূর্ণ থেকে যায়। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, খালেদা জিয়ার ছবিও সেখানে ছিল না।

রাষ্ট্রীয় অনুষ্ঠানে সৃষ্ট বিশৃঙ্খলায় হতাশা প্রকাশ করে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বলেন, এমন একটি জাতীয় আয়োজনে ঘটে যাওয়া ঘটনা তাঁকে দুঃখিত, লজ্জিত ও ব্যথিত করেছে। তিনি বলেন, অনুষ্ঠানে বিদেশি অতিথিরাও উপস্থিত ছিলেন এবং তাঁদের সামনে এ ধরনের পরিস্থিতি দেশের ভাবমূর্তির জন্য অনাকাঙ্ক্ষিত।

নেতা-কর্মীদের আচরণের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, সংশ্লিষ্ট নেতা তাঁর অনুসারীদের শান্ত করার চেষ্টা করলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। জাতীয় অনুষ্ঠানে চিৎকার-চেঁচামেচি ও বিশৃঙ্খল আচরণ কোনোভাবেই কাম্য নয় বলেও মন্তব্য করেন তিনি।

সম্পাদক ও প্রকাশক: মোতাহার হোসেন

মোবাইল: ০১৩৩২-৮৪৫৬৯৯

তথ্য ও প্রযুক্তি সহযোগী - আইটি ল্যাব সলিউশন্স লি.